দৌলতপুরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে নিহত ১

0
34

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রæতা ও একটি টর্চলাইটকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে মামুন মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মরিচা ইউনিয়নের সুকারঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মামুন মোল্লা ওই এলাকার মুজাম্মেল মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে চাচা ইসমাইল মোল্লার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে গিয়ে একটি টর্চলাইট ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে মামুন মোল্লার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। এতে মামুন মোল্লাসহ তিনজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের চাচাতো ভাই উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লাকে (৩৫) আটক করেছে পুলিশ। তারা নিহত মামুন মোল্লার চাচা মৃত ইসমাইল মোল্লার ছেলে।

মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং ঘটনার পর পুলিশ দু’জনকে আটক করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card