কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম সংলগ্ন ‘৩৬শে জুলাই শহিদ স্মৃতিসৌধে’ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.তৌহিদ বিন-হাসান। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার মো. জসীম উদ্দীন।
কুষ্টিয়া জেলা পুলিশ, জুলাই যোদ্ধা, জুলাই শহিদ পরিবার এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্টেডিয়ামের সুইমিং পুল ক্যাফেটেরিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। এতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার মো. জসীম উদ্দীন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুজাক্কির রাব্বি, জুলাইযোদ্ধা উল্লাস হোসেন ও তাজমুল ইসলাম, শহিদ পরিবারের সদস্য সুজন মাহমুদ, সীমা খাতুন, সেলিম রেজা ও আশরাফুল আলম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, এনসিপি নেতা আব্দুল হালিম এবং কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার এ কে এম আলী মহাসিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্ররণা। এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস তুলে ধরতে হবে।
পুলিশ সুপার মো. জসীম উদ্দীন বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, উসকানি কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণের ঐক্যের কাছে সফল হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে সর্বদা দায়িত্বশীল থাকবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো-ঐক্য। তিনি বলেন, “এখন আমাদের মূল দায়িত্ব দেশ গঠন। জুলাইয়ের অবদান সবার, কাউকে ছোট বা বড় করে দেখার সুযোগ নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মেধা ও কর্মদক্ষতা বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত। দেশের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।






