পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে ঘুরতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

0
31

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে ঘুরতে গিয়ে শরিফুল ইসলাম ববি (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোলাপনগর মনি পার্ক এলাকা থেকে এক কিলোমিটার দুরে পদ্মায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শরিফুল ইসলাম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে।

ঘটনার সময় তিনি মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনির সঙ্গে ছিলেন। রাতেই গুলিবিদ্ধ ওই যুবককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও সেখান তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর পদ্মা তীরবর্তী এলাকায় অবস্থিত মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে পদ্মা নদীতে যান।

এ সময় পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ে ছোড়া হয়। এতে এক যুবক গুলিবিদ্ধ হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালের ভর্তি রেজিস্টারে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম পাওয়া গেলেও পরে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারে ইনজুরির কারণ লেখা আছে গানশ্যুট।

শুক্রবার সন্ধ্যা ৭টায় গুলিবিদ্ধ যুবকের স্ত্রী বনি মুঠোফোনে বলেন, ওর (ববি) অবস্থা খুবই খারাপ। আমরা ঢাকায় যাচ্ছি। প্রায় পৌছে গেছি। এখন ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। সুস্থ হলে বলতে পারবো।

এদিকে গভীর রাতে দলবল নিয়ে পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র দাবি করেছে, পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি সশস্ত্র গ্রæপ সক্রিয় রয়েছে। চর দখল ও বালুঘাট নিয়ন্ত্রণ নিয়ে অতীতে এসব গ্রæপের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছেন।

একই সূত্র আরও দাবি করেছে, নদীকেন্দ্রিক বিভিন্ন গ্রæপের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। মনিরুল ইসলাম মনির সঙ্গে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ বিষয়ে জানতে মনিরুল ইসলাম মনির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

মনি গ্রæপের ডিএম জুয়েলের সঙ্গে যোগাযোগ করলে তিনি ছুটিতে আছেন জানিয়ে ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান। এছাড়া মনি পার্কের ম্যানেজার হুমায়নও কল রিসিভ করেননি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। ঘটনার যেটুকু বিস্তারিত তথ্য পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া গেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card