কুষ্টিয়া প্রতিনিধি
উচ্চশিক্ষার জন্য বুকভরা স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মেধাবী তরুণ অনিক (২৭)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ছাদ থেকে নিচে পড়ে প্রাণ হারিয়ে কফিনবন্দী হয়ে নিজ গ্রামে ফিরেছেন অনিক।
নিহত অনিক কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের সওড়াতলা গ্রামের কৃষক মানোয়ার বিশ্বাসের ছেলে। তিনি রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে নিজ বিশ্ববিদ্যালেেয়র ছাদ থেকে নিচে পড়ে নিহত হন অনিক। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাস ১২ দিন পর অনিকের মরদেহ রবিবার বেলা সাড়ে ১২টায গ্রামের বাড়িতে পৌছায়।
এ সময় পরিবার ও আত্মীয় স্বজনদের আর্তনাদে চারিদিক ভারি হয়ে ওঠে। অনিককে এক নজর দেখার জন্য ছুটে আসে এলাকাবাসী। এ দিন দুপুরে স্থানীয় সওড়াতলা জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
নিহতের চাচা মুফতি আলী হোসেন ফারকী বলেন, অনিক ছোটবেলা থেকেই মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলেন। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে তিনি পরিবারের পাশাপাশি এলাকার মানুষেরও গর্বের কারণ হয়েছিলেন। ছেলেটির মা নেই। বাবা ও বড় ভাই আছে। প্রায় আড়াই বছর আগে বৃত্তি পেয়ে উচ্চ শিক্ষার জন্য রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। চলতি বছরের ২১ জুন খবর আসে বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ভবন থেকে পড়ে অনিকের মৃত্যু হয়েছে। কিন্তু কিভাবে পড়লো সে বিষয়ে কিছু জানা যায়নি।
আইলচারা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম বলেন, অনিকের দাফন সম্পন্ন হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম।
কুষ্টিয়াসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।






