কুষ্টিযা প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম (৫০) নামের আপন বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম একই এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল (৪৪) কে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম এবং তার আপন ছোট ভাই হেলালের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় হেলাল ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে বড় ভাই নুর ইসলামকে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নুর ইসলামের মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদরে জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করা হয়েছে।






