চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা আদালত চত্বরে হাইকোর্টের আইনজীবী পরিচয় দেওয়া সাগর আহম্মদ নামে এক প্রতারককে সহযোগীসহ আটক করে পুলিশে দিয়েছেন আইনজীবীরা। সাগর আহম্মদের বিরুদ্ধে হাইকোর্ট থেকে বিভিন্ন মামলার জামিন ও রায় করিয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে তাদের আটক করা হয়। সাগর আহম্মদের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে।
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানি খন্দকার জানান, সাগর আহম্মদ ঢাকা হাইকোর্টের আইনজীবী পরিচয় দিয়ে দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে বিয়ে করেন। এরপর চুয়াডাঙ্গা আদালতে বিভিন্ন মানুষের সঙ্গে আইনজীবী পরিচয়ে যোগাযোগ করে হাইকোর্ট থেকে মামলার রায় ও জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে টাকা নিতেন।
তিনি আরও জানান, আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের বিপ্লব আলীর জমি সংক্রান্ত মামলার রায় হাইকোর্ট থেকে করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে মোট এক লাখ ছয় হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সাগর আহম্মদের বিরুদ্ধে। টাকা নেওয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বিপ্লব আলী।
পরে তিনি প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা নিতে মঙ্গলবার চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কাছে আসেন। এ সময় তিনি জানতে পারেন, কথিত ওই আইনজীবী আদালত চত্বরে অবস্থান করছেন। পরে আইনজীবীদের সহকারীরা কৌশলে সাগর আহম্মদ ও তার সহযোগীকে সমিতির কার্যালয়ে নিয়ে আসেন।
সেখানে জিজ্ঞাসাবাদে সাগর আহম্মদ আইনজীবী পরিচয়ের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেখাতে পারেনি। একপর্যায়ে তিনি প্রথমে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এবং পরে ঢাকা হাইকোর্টের এক আইনজীবীর জুনিয়র হিসেবে পরিচয় দেন।
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানি খন্দকার বলেন, খোঁজ নিয়ে সাগর আহম্মদের আইনজীবী পরিচয়ের বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে আরও কয়েকজন ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সাগর আহম্মদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






