কুষ্টিয়া প্রতিনিধি
মুফতি আমির হামজা একজন মস্তিষ্ক বিকৃত ব্যক্তি। তিনি সকালে এক কথা বিকালে আরেক কথা বলেন।
রবিবার রাত সাড়ে ৮ টায় গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ একথা বলেন।
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উসকানি দিতেই সংসদ সদস্য আমির হামজা সমাবেশস্থলে এসেছিলেন বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদ।
সংবাদ সম্মেলনে দলটির কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, আমাদের সমাবেশ ছিল শান্তিপূর্ণ। সেখানে আমির হামজা এসে গাড়ি না থামালে কোনো উত্তেজনা তৈরি হতো না। অথচ ওই পথে না গিয়েও তার বাসায় পৌছানোর জন্য অন্তত দুই তিনটি বিকল্প সড়ক ছিল।
সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাদের হত্যার উদ্দেশ্যে ভিডিও দেখে সনাক্ত করছেন জামায়াতের নেতাকর্মীরা, এমন অভিযোগ করে তৌকির বলেন, আমরা প্রাণসংশয়ে আছি। অনেক শুভাকাক্সক্ষী ফোন করে জেলার বাইরে চলে যেতে বলছেন।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাকিল আহমেদ তিয়াস বলেন, জামায়াত শিবিরের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েই থেমে থাকেননি। তারা আমাদের দলের কুষ্টিয়া শাখার সেক্রেটারি আব্দুল খালেকের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে। আমরা এই ঘটনায় থানায় অভিযোগ করেছি। মামলা নথিভুক্ত হলে আপনারা জানতে পারবেন।
এর আগে লিখিত বক্তব্যে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় রাস্তার মোড়ে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শেষমুহূর্তে আমির হামজাসহ আশপাশের জামায়াত-শিবিরের কর্মীরা এসে তাদের ওপর হামলা করেন।
আরও বলা হয়, হামলার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে হামলাকারীরা বিভিন্নভাবে তাদের আহত করেন। এক নেতাকর্মীর পায়ের দুটি রগ কেটে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। আরেকজনের নাকের হাড় ভেঙে গেছে এবং কপালে গুরুতর আঘাত পেয়েছেন। হামলায় আরও বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল, টাকা এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশ ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদ।






