স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বিদ্যুতের নতুন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট লাইনম্যানের সহযোগী সাহাদত (৩৮) অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে।
সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুরে ওই লাইনম্যানের সহযোগী ২০ ফুট উচু খাম্বায় বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি শিমুলিয়া গ্রামের ইব্রাহীম সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাহাদত ও অপর একজন বিদ্যুতের মিস্ত্রী সকাল থেকে কাদিরপুর মোড়ের মুদি ব্যবসায়ী বিল্লাল আলীর দোকান ঘরে বিদ্যুতের নতুন মিটার স্থাপন করেন। এরপর বিদ্যুতের হাইভোল্টের খামায় ওঠেন। সেখান থেকে মিটারে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে লাইনে বিদ্যুত চালু হলে সাহাদত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এক পর্যায়ে তারের সাথে ঝুলতে থাকে। স্থানীয়রা বিদ্যুতের সাব ষ্টেশনে কল করলে বিদ্যুৎ বন্ধ করা হয়। ইতোমধ্যে স্থানীয়রা ওই লাইনম্যানের সহযোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শী কমলাপুর মিয়া পাড়া জামে মসজিদের ইমাম মিজানুর রহমান জানান, লোকটি খুটিতে উঠে কাজ করছিলো। হঠাৎ করে সঞ্চালন লাইনের উপর ঢলে পরলো। এরপর ঝুলতে থাকে। পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করায়। তার পর তারাই ওই লোকটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করায়।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জাহিদ জানান, লোকটির মুখ-মাথা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে রেফার্ড করা হয়েছে।
কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির খোকসা সাব জোনাল অফিসের এজিএম আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার খবর শুনেছেন। ওই ছেলে পল্লী বিদ্যুতের কর্মচারীও না। সোমবার রাত ১০টায় সর্বশেষ খবর পর্যন্ত ছেলেটির শরীরের অবস্থার উন্নতি হয়েছে।






