কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি’র প্রাক নির্বাচনী পরীক্ষায় সাধারণ ও ভকেশনাল শাখার ২৯৫ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৩০ জন পাশ করেছে। বিদ্যালয়টিতে শিক্ষার মানোন্নয়ন ও পাশের হার বৃদ্ধির লক্ষ্যে প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে সমাবেশ করা হয়।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে কুমারখালী মথুরা নাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক।
প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার জানান, আসন্ন ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সাধারণ শাখায় ১২৩ জনের মধ্যে পাশ করেছে মাত্র ২১ জন। এবং ভোকেশনাল শাখায় ১৭২ জনের মধ্যে মাত্র ৯ জন পাশ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয়না। গেল পাঁচ বছরে কোনেদিন অভিভাবকদের ডাকেনি। আর পরীক্ষায় ফেল করার পরে আজ ডাকা হয়েছে। ছাত্রদের ফেল করার জন্য শিক্ষকরা দায়ী।
তবে অভিভাবকদের এমন অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা।
ইউএনও ফারজানা আখতার বলেন, এ উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। সেজন্য কিছুদিন আগে উপজেলা পরিষদে শিক্ষকদের সঙ্গে একটি মিটিং হয়েছে। এই বিদ্যালয়টি সবচেয়ে পুরানো। এখানেও এমএসসিসহ প্রাক নির্বাচনী পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। সেজন্য শিক্ষার মানোন্নয়নে অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে সমাবেশের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এমন আয়োজন করা হবে।






