কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার হয়েছে।
বিজিবি’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সর্বমোট ১৩ লক্ষ ৫৫ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দুই টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাশেম বাজার নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার ৬০০ টাকা।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মরার পাড়া কবরস্থান নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২ হাজার ৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৬ শ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ ৫১ হাজার টাকা। এছাড়াও, সোমবার আনুমানিক ভোর ৪ টা ১৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণ বিলগাথুয়া মাঠ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩১ হাজার ৫ শ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






