কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদ সংবাদ সম্মেলন করে দাবি করেন, একটি চক্র খেলনা পিস্তলসহ তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাদের পিতা-পুত্রের মানহানি করার চেষ্টা করছে।
মঙ্গলবার রাত ৮ টায় কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সানজিদ আহমেদ বলেন, একটি মহল তার হাতে থাকা একটি খেলনা পিস্তলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যে ভিডিও ছড়ানো হয়েছে, সেটাও প্রায় একবছর আগের। ভিডিওতে যে পিস্তল আমার হাতে দেখা গেছে, সেটা মূলত খেলনা পিস্তল।
সেদিনের বর্ণনা দিয়ে সানজিদ বলেন, ঘটনার দিন দুপুরে আমরা কয়েকজন আমাদের বাড়ির পার্শ্ববর্তী মাঠের মাঝে সড়কে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটি শিশু ওই পথে যাচ্ছিল, তার হাতে ছিল খেলনা পিস্তলটি। অনেক সুন্দর দেখে। তার হাত থেকে পিস্তলটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। এমন সময় কে বা কারা ভিডিও করে রাখে। পরে তা স্যোসাল মিডিয়ায় ফেসবুকে আপলোড করে আমাদের সন্মান হানির চেষ্টা করছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আপনারা জানেন আমার বাবা আব্দুল মাজেদ যুবদলের নেতা। শিগগিরই কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি দেওয়া হতে পারে। এর আগে রাজনৈতিক ফায়দা লুটার জন্য আমাদের পরিবার ও আমার বাবাকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। এই ভিডিও ভাইরালও তার অংশ হতে পারে। কিন্তু আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের পরিবারের অন্য সদস্যদের জীবন বিষিয়ে তুলছে।
সানজিদ আহমেদ বলেন, আমি যুবদল নেতার সন্তান হয়ে কি অপরাধ করে ফেলেছি। আমার কী সাধারণ জীবনযাপনের অধিকার নেই। আমি কি বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারব না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া যুবদলের নেতাকর্মী।






