কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার আলমপুরে এবং দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোজ আলী ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। একই দিনে পৃথক বজ্রপাতে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো.রওশন আলী নুশু (৪৫) বজ্রপাতে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই দৌলতপুরের আকাশে কালো মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। আরোজ আলীর ওপর বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মারাত্মকভাবে আহত হন।
বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আরোজ আলী নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি বজ্রপাতেই মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলায় মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দহকোলা কারিগর পাড়া ও জোতপাড়ার তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রæত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা এক পর্যায়ে দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো.রওশন আলী নুশু (৪৫) মারা যান।
এ ঘটনায় আরও আহত হয়েছেন একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে সমেজ আলী এবং জোতপাড়ার মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল। তারা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।






