ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ এনে মামলা করায় ৪৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারী কথিত ধর্ষণচেষ্টা মামলার বাদী ছিলেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম ওই নারীকে গ্রেফতার করে। পরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠান আদালত। ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার নারী শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাসিন্দার।
আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের ওই নারীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরোধ চলছিল। জমিজমা নিয়ে বিরোধের জেরে বিউটি খাতুন ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরুদ্ধে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলা খারিজ করেন। এ ঘটনার জেরে ব্যবসায়ী মিরাজ জামান রাজ নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিটিশন দায়ের করেন। আদালত পিটিশনটি আমলে নিয়ে পাল্টা মামলায় ওই নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ব্যবসায়ী মিরাজ জামান রাজ বলেন, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। পরে তিনি আমার নামে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেন। তবে অভিযোগ প্রমাণ হয়নি। মামলাটি বিজ্ঞ ট্রাইব্যুনাল খারিজ করেন। পরে আমি ওই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছি। কারণ তিনি আমার নামে মিথ্যা অভিযোগে মামলা করে হেনস্তা করেছেন। আমার মানসম্মানের ক্ষতি করেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আদালতের পরোয়ানার পরিপ্রেক্ষিতে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।






