কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় এক তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। মোটরসাইকেল থেকে ওই তরুণীকে ফেলে যাওয়ার চারদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের দাবি, ওই তরুণীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে তাকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোটরসাইকেল থেকে ফেলে যাওয়া হয়েছিল।
ওই তরুণীর নাম ফারহানা ইয়াসমিন তমা (২০)। তার বাড়ি ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে। বাবার নাম তোজাম্মেল হক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তমা মারা যান। পরে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে তমার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
তমার ভাই মো.তামিম জানান, একই এলাকার আবু বক্কর আলী নামের এক ব্যক্তির সঙ্গে তমার বিয়ে হয়েছিল। চারমাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তমার মৃত্যুর পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আবু বক্কর আলীকে আটক করেছে।
তামিম দাবি করেন, অন্তত চারজন ব্যক্তি তমার উপর পাশবিক নির্যাতন চালিয়েছেন।
তামিম জানান, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাসেল নামের এক যুবক গোলাপনগর গ্রাম থেকে তমাকে মোটরসাইকেলে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে রাত আটটার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বকশীপাড়া গ্রামে অচেতন অবস্থায় তমাকে মোটরসাইকেল থেকে ফেলে রেখে যাওয়া হয়। এতে তমা মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তমা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে অনেকটা সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন।
তামিম আরও জানান, তমাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া রাসেল, তার সাবেক স্বামী আবু বক্কর আলীর বন্ধু। তিনি তার বোনের মোবাইল ফোন দেখেছেন ঘটনার দিন বিকেলে মোট ৯ বার ফোন করেছিলেন রাসেল। ঘটনার পর থেকে রাসেল পলাতক।
তামিম দাবি করেন, তার বোন তমা গণ ধর্ষণের শিকার হয়েছেন। তবে হাসপাতালে শুধু মাথায় আঘাতের চিকিৎসা হয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি জানিয়ে হাসপাতালে তারা এই পরীক্ষা করার অনুরোধও জানিয়েছিলেন।
নিহত তমার মামাতো ভাই যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব জানান, তমা অত্যন্ত ভালো একটা মেয়ে। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর গোলাপনগর বাজার থেকে তাকে অপহরণ করা হয়। ৪ জনের সংঘবদ্ধ একটি দল উপযুপরি ধর্ষণ শেষে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে দেয় বাড়ির পাশের একটি নির্জন মোড়ে। ৪ দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা বলেছিলেন, এই ওয়ার্ডে ধর্ষণের পরীক্ষা করার উপায় নেই। ওয়ার্ড বদলে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) দিতে হবে। সেখানে পরীক্ষা হবে। তবে সেখানে নেয়ার আগেই তমার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, বিষয়টি তিনি এখনো জানেন না। খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, তমার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়েছে। তারা সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি বলছেন। কিন্তু পুলিশ এ বিষয়টি নিশ্চিত হতে পারেনি। পুলিশের প্রয়োজনীয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তমার সাবেক স্বামী আবু বক্কর আলীকে আটক করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে যেভাবে মামলা করা হবে তা গ্রহণ করা হবে।






