কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এখানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, কুষ্টিয়া শহর যুবদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দেশের গণতন্ত্র, শান্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।






