কুষ্টিয়া থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার

0
29

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার দিনগত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুমাখালী উপজেলা কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামের মো. মোবারক আলীর (৭০) বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের খোলা ঘরের মাটির গর্তে ভিতর থেকে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৫ আগষ্ট কু্ষ্িটয়া মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি।

কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card