মামলার বাদির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা

0
28

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মামলার বাদি ৬৫ বছর বয়সি এক বৃদ্ধা নারীকে থানায় তুলে নিয়ে এসে সন্ত্রাস বিরোধী আইনের মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকুলা গ্রামের বাড়ি থেকে নুর জাহান বেগম নামের ওই বৃদ্ধা নারীকে ধরে নিয়ে থানায় নিয়ে আসে পুলিশ।

জানা গেছে, নিজের বাড়ি ও গুদামে আগুন দেওয়ার ঘটনায় ৬দিন আগে আদালতে একটি মামলা দায়ের করেন নুর জাহান বেগম। সেই মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও কৃষকদলের ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-৩০ জনকে আসামী করা হয়। কয়েকদিন ধরে স্থানীয় বিএনপি নেতারা মামলা তুলে নেওয়ার জন্য ওই নারী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে আসছে বলে অভিযোগ।

রবিবার সকালে ওসি সাহেব কথা বলবেন বলে জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের একটি যৌথ দল রান্নার প্রস্তুতি নেওয়ার সময় ওই নারীকে তুলে নিয়ে যায়। পরে দুপুরে তাকে কৃষক দলের কার্যালয় ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ এনে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭ টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নং নলকুলা ’কৃষক দলের অফিস’ ভাংচুর এবং অফিসের মধ্যে থাকা নেতা-কর্মীদের মারপিট করে গুরুতর জখম করার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় হাবিবুর রহমান নামের একজন বাদি হয়ে পরের দিন ১৬ সেপ্টেম্বর ৭৫ জনকে এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা আরো ১০০-১২০ জনকে আসামি করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা নং ১৭। ধারা ৬(৮)/৯/১০/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯। এই মামলায় নুর জাহান বেগমের ছেলে পাটিকাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে ২ নং আসামি এবং বেড়াতে আসা নাতি ছেলে হারুন অর রশিদকে এজাহারভুক্ত ৩২ নং আসামি করা হয়েছে। ছেলে রুহুল আমিন পলাতক থাকলেও নাতি ছেলে হারুন অর রশিদকে পুলিশ ওই দিনই গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

বৃদ্ধা নুর জাহান বেগমের মেয়ে সেলিনা আক্তার শিল্পী জানান, “সপ্তাহ দুয়েক আগে সামাজিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের বাড়িতে ও গুদামে অগ্নিসংযোগ এবং লুটপাট চালায় এলাকার একদল মানুষ। পরে কৃষকদলের স্থানীয় অফিসে নিজেরাই ভাংচুর করে এলাকার আরো মানুষের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট চালানো হয়।

বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের কিছু লোকজন এ ঘটনায় জড়িত বলে দাবি শিল্পীর। তিনি বলেন, তার মা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর কুষ্টিয়া আদালতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত এলাকার কিছু মানুষকে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্ত করছে।”

শিল্পী জানান, মামলা করার পর থেকে হুমকি দেওয়া হচ্ছিল বিভিন্ন ভাবে। এরপর রবিবার সকালে মা রান্নাবাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সকালে একদল পুলিশ বাড়িতে ঢুকে পড়ে। তারা মাকে বলেন, ‘আপনি আদালতে গুদাম পুড়ানোর মামলা করেছেন। মামলার বাদী আপনি। এ কারনে ওসি সাহেব আপনার সাথে কথা বলবেন। আমাদের সাথে চলুন। এই বলে কয়েকজন নারী পুলিশ তাকে গাড়ীতে তোলে। এরপর নিয়ে যায়। এরপর কোথায় তাকে রাখা হয়েছে তা জানি না। বাড়িতে ১৫ বছর বসয়ী আমার অটিজম এক কন্যা রয়েছে। মাসহ আমরা তিনজন বাড়িতে ছিলাম।’

নুরজাহানের ছেলে রুহুল আমিন ফোনে বলেন, ‘আমি চাকুরি করি। কোন দল করি না। আমাকে যুবলীগ ট্যাগ দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে। তারা আমার বাড়ি ও গুদামে আগুন দিয়েছে। আমি পলাতক। পুলিশ আমার বৃদ্ধ মাকে ধরে নিয়ে গেছে। তার কোন খবর পাচ্ছি না।’

নুরজাহান বেগমকে কেন থানায় নিয়ে আসা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি এসএম মামুনুর রশিদ বলেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নং নলকুলা ’কৃষক দলের অফিস’ ভাংচুর এবং অফিসের মধ্যে থাকা নেতা-কর্মীদের মারপিট করে জখমের ঘটনার তদন্তে মামলার তদন্তকারী কর্মকর্তা নুরজাহান বেগমের সম্পৃক্ততা পেয়েছে। সেজন্য তাকে গ্রেপ্তার করে সস্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত ওই মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

বয়োবৃদ্ধ ওই নারী কৃষক দলের অফিস ভাংচুরের ঘটনায় কিভাবে সম্পৃক্ত থাকতে পারেন এ প্রশ্নের জবাবে ওসি বলেন, আপনারা তাকে (ওই নারীকে) যতটা বৃদ্ধ ভাবছেন, আসলে তিনি ততটা না। যথেষ্ট সবল আছেন। উনি (ওই নারী) আসামিদের কৃষক দলের অফিস ভাংচুর করতে জিনিস-পত্র জেগান দিয়ে সহযোগিতা করেছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে পরে এ বিষয়ে জানাতে পারবেন।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, কাজটি সঠিক হয়নি। পুলিশ যদি এ কাজ করে থাকে তাহলে অবশ্যই এটি নিন্দনীয়।

Share this news as a Photo Card