স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় নদীর ভিতরে রাখা কৃষকের পাটকাঠির গাদা সরাতে গিয়ে বেডিয়ে এলো দেশী তৈরী আগ্নেয় অস্ত্র ও এক রাউন্ড তাজা গুলি।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সম্প্রতি ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসীর হাতে আটক ডাকাত সদস্যদের ফেলে যাওয়া আগ্নেয় অস্ত্র হতে পারে এটি।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের চরবিহারিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সিরাজপুর হাওড় নদীর ভিতরের পাটকাঠির গাদা সরাতে গিয়ে আগ্নেয় অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রে মধ্যে এক রাউন্ড গুলি লোড ছিলো বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, কৃষক স্বপন ঘোষ কয়েকজন শ্রমিক নিয়ে নদীর থেকে নিজের পাটকাঠি তুলছিলো। এক পর্যায়ে পাঠকাঠির গাদার ভিতর থেকে একটি দেশী তৈরী আগ্নেয় অস্ত্র বেড়িয়ে আসে। তিনি স্থানীয়দের ডেকে ঘটনাটি দেখান। পরে খবর পেয়ে থানা পুলিশ আগ্নে অস্ত্রটি জব্দ করে থানা নিয়ে আসে।
খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোশারফ হোসেন জানান, সম্প্রতি বিহারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসী একদল ডাকাতকে ধাওয়া করে। তারা নদীর কচুরি পানার মধ্যে আশ্রয় নেয়। এক পর্যায়ে প্রায় ১০ ঘন্টা অভিযান চালিয়ে নদীর কুচুরি পানার ভেতর থেকে একে একে ডাকাত দলের সাতজনকে আটক করা হয়। সেদিন ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশরা অস্ত্রের সন্ধানে নদীতে তল্লাসি চালায়। কিন্তু তারা ব্যর্থ হয়ে অভিযান শেষ করে। সেই ডাকাত সদস্যদের ফেলে যাওয়া আগ্নেয় অস্ত্র ও গুলি হতে পারে বলে মনে করছেন তিনি।






