কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে।
বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় ১০ বোতল ইস্কাফ সিরাপ, ২,৯৬৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৮ বোতল মদ এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়েছে।
আটককৃত এসব মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১৫ লক্ষ ২৪ হাজার ৪৭৫ টাকা।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটের সময় আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ খেয়াঘাট নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২,০০৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ৫ হাজার ৫০০ টাকা।
এছাড়াও শুক্রবার ভোরে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচর নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লক্ষ ৬ হাজার ৯৭৫ টাকা।
অপরদিকে বৃহস্পতিবার বিকালে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া নামক স্থানে বিজিবির অপর একটি টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা।






