কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে নদী পথে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার হয়েছে।
বিজিবি জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত একটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময় নদী পথে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪,০০০ কেজি টিএসপি এবং ১,৭৫০ কেজি ফসফেটসহ সর্বমোট ৯,২৫০ কেজি সার জব্দ করে।
বিজিবি পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






