পাঁচশ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কমতে শুরু করার সাথে সাথে নদী ভাঙন প্রকট আকার ধারণ করেছে।
স্থানীয় কৃষকরা জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর, লিসেনদিয়া, রায়টা ও আরকান্দি এলাকায় পদ্মা নদীর তীরের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন লেগেছে। গত দুই মাসে প্রায় ৫০০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর তীরে তীব্র ভাঙন চলছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে ক্ষয়ক্ষতি বাড়ছেই।
গত এক বছরে বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের আরকান্দি, মাধবপুর, রায়টা, লিসেনদিয়া ও জুনিয়াদহ অংশে প্রায় ২ হাজার বিঘা আবাদি জমি নদীতে চলে গেছে। এসব জমির অধিকাংশেই পান চাষ হতো, যা এলাকার প্রধান অর্থকরী ফসল। এই পানের ওপর নির্ভর করে চলে দেশের পুরনো ও ঐতিহ্যবাহী কুচিয়ামোড়া পান বাজার।
কুচিয়ামোড়া এলাকার পানচাষী ও ব্যবসায়ী নেতা আসলাম হোসেন বলেন, “প্রতিদিন ৯-১০ বিঘা করে জমি নদীতে চলে যাচ্ছে। পাউবো একেবারে নির্বিকার। আমরা গণ আবেদন জানিয়েছিলাম, কোনো ব্যবস্থা নেয়নি।
উপজেলা প্রশাসন কয়েকদিন আগে ক্ষতিগ্রস্ত ৩২০ জন পানচাষীর তালিকা নিয়ে গেছে। এরা গত এক বছরে প্রায় ৩০ হাজার পিলি পানবরজ হারিয়েছেন। এর ক্ষতিপূরণ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।”
রায়টা এলাকার পানচাষি নাসিম হোসেন বলেন, “গত কয়দিন আগে আমাদের ৪ বিঘা জমি ও ২২০ পিলি পানবরজ নদীতে ভেঙে গেছে। আমরা এখন পথের ফকির। ছোট ভাই দুঃখে কর্মসংস্থানের জন্য বিদেশে চলে গেছে।”
মাধবপুরের পানচাষি আব্দুল জলিল বলেন, “পদ্মার পাড়ে আমাদের ৭ বিঘা জমি ছিল। এখন মাত্র ৪ কাঠা আছে। এই দুঃখ কাকে বলবো।”
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই ইউনিয়নের প্রায় ৩২০ জন কৃষকের তালিকা তৈরি করে জেলায় পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.আসফাউদদৌলা বলেন, “ভেড়ামারার ওই অঞ্চলে প্রায় ৫ কিলোমিটার জুড়ে ভাঙন হচ্ছে। এর মধ্যে তিন কিলোমিটার অত্যন্ত গুরুতর, যা জরুরি সহায়তা দিয়ে রোধ করা অসম্ভব। আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। প্রকল্প পাস হলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, ইতোমধ্যে বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে জোর তাগিদ দেওয়া হয়েছে। কৃষি অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পানচাষী ও কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রদান করা হবে।






