শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে

0
208

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতি প্রতিরোধে সরকার ঘোষিত দীর্ঘ ছুটির পর অফিস খোলা হলে ক্ষতি পুষিয়ে নিতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের সম্ভাবনা উজ্জল হচ্ছে। বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় না থাকলেও এ নিয়ে চিন্তা-ভাবনা রয়েছে বলে জানা গেছে।

দেশে করোনা পরিস্থিতির ক্রমাবনতির মুখে আর এক দফা ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করার প্রজ্ঞাপন আসছে। এবার দিয়ে মোট সাত দফা ছুটি বাড়ানো হচ্ছে। বুধবার সংবাদ মাধ্যম গুলোকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জরুরি সেবা সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয় সীমিত আকারে খোলা রয়েছে। সরকারি কার্যক্রমও অনেকটাই থেমে আছে। কর্মহীন হয়ে পড়েছে বিপুল সংখ্যক মানুষ। কিন্তু করোনাভাইরাস থেকে বাঁচতে ছুটি বাড়ানো ছাড়া সরকারের অন্য কোনো উপায়ও নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট সবাই। আর দীর্ঘমেয়াদি ছুটি দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম অবস্থার দিকে নিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, উদ্যোক্তারা মনে করছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বেসরকারি সেক্টরের মতো সরকারকে কাজের ক্ষেত্রে অতিরিক্ত মনোযোগ দিকে হবে। কমগুরুত্বপুর্ণ ছুটি বাতিল করে কাজের পরিধি বাড়ানোর মাধ্যমে অল্প সময়ের মধ্যে ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে। আর এ জন্য সাপ্তাহিক ছুটি দুদিন থেকে কমিয়ে একদিন করা যেতে পারে। এতে ইতিবাচক অগ্রগতি হবে। পরিস্থিতি আগের মতো স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ছুটি একদিন করার এই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে সরকার করোনা সংক্রমণরোধের কর্মকান্ড নিয়েই ব্যস্ত। সাপ্তাহিক ছুটি একদিন কমানোর বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা আছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন হয়তো এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এই পরিস্থিতিতেও আমরা আমাদের কাজটা করার চেষ্টা করছি। প্রয়োজনে এবং সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন দিলে এমনটা (শনিবার ছুটি বাতিল) হতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনও সেভাবে বিবেচনা করা হচ্ছে না।

Share this news as a Photo Card