দ্রোহ অনলাইন ডেস্ক
করোনার প্রাদুর্ভাবে চলমান অচলাবস্থার মধ্যে সারাদেশের ক্ষতিগ্রস্থ ৫০ লাখ দরিদ্র ও কর্মহীন পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণ করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন হতদরিদ্র প্রতিটা পরিবারকে সরকারী ভাবে এককালীন আড়াই হাজার প্রদান করা হবে। এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, রকেট, নগদ ও শিওর ক্যাশ) এর মাধ্যমে বিনা খরচে প্রত্যেক পরিবারের হাতে ঈদুল ফিতরের আগে পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। প্রতি পরিবারে ধরা হয়েছে চারজন সদস্য, সেই হিসাবে এই নগদ সহায়তায় উপকারভোগী হবে ২ কোটি মানুষ।






