দ্রোহ অনলাইন ডেস্ক
করোনা মহামারির সংকটে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর অর্থ সহয়তার টাকা ভোটার আইডি ও মোবাইল নম্বর যাচাই করে ছাড়া হচ্ছে।
দুস্থ ও অস্বচ্ছল পরিবারে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারের টাকা দেওয়া জন্য ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বরদের সহায়তা নেওয়া হয়। আর এই সুযোগে কাজে লাগায় চেয়ারম্যান-মেম্বররা। ইতোমধ্যে তাদের অনেক বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন শনিবার নিজের ভেরিফাইড পেজে তিনি জানান, ভোটার আইডি ও মোবাইল নম্বর যাচাই করে টাকা ছাড়া হচ্ছে। এতে করে এখন আর অনিয়ম করে এই টাকা পাওয়ার কোনো সুযোগ নেই।
আশরাফুল আলম খোকন বলেছেন, ‘করোনাকালীন সঙ্কটের জন্য তৃণমূলের কর্মহীন গরিব ৫০ লাখ পরিবারের জন্য ২৫০০ টাকা করে ঈদ উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
‘হবিগঞ্জ, বাগেরহাট এর দুইটি ইউনিয়নসহ কয়েকটি জায়গায় কিছু অনিয়ম ধরা পড়েছে। শতাধিক নামের বিপরীতে ১/২টি ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গেলে সবার টাকা ওই ১/২ টি নম্বরের ব্যক্তিরা পেয়ে যাবেন। এ অপকর্ম করেছেন দুই একজন চেয়ারম্যান মেম্বর।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আরো বলেন, ‘এই অনিয়মটি সরকারই ধরেছে। এমন না যে যাচাই-বাছাই শেষে ওরা টাকা পেয়ে গেছে। আর যদি যাচাই-বাছাই শেষে এই রকম তালিকা কেন্দ্রে আসেও তাও তাদের টাকা পাবার কোনো সুযোগ নাই। কারণ নামের সঙ্গে ভোটার আইডি নম্বর ও মোবাইল নম্বর অটোমেটেড সিস্টেমে ভেরিফাই করে এরপর টাকা ছাড় দেওয়া হচ্ছে।’
১৭ কোটি মানুষের দেশে চার পাঁচজন দুর্নীতিবাজ এ রকম ঘটাবে না তা ভাবার অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনার প্রতিকার হয়েছে কি না সেটা দেখেন। এখন আর কোনো চাল চুরির খবর শোনেন? সব বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার উপর আস্থা রাখেন। দেশ ভালো থাকবে, আপনারাও ভাল থাকবেন।’









