এক সপ্তাহের মধ্যে সব প্রাথমিক শিক্ষককে টিকা দেয়া হবে

0
235
EDQUTION-MINSTER-DROHO-9-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক শিক্ষককে করোনার টিকা দেয়ার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ের ক্লিনিকে টিকা গ্রহণ শেষে তিনি একথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রায় চার লাখ শিক্ষক-কর্মকর্তা আছেন, তাদের টিকা নেয়ার বিষয়ে কী আহ্বান জানাবেন- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক আগেই এদেশে টিকা নিয়ে আসার জন্য। প্রধানমন্ত্রী আমাদের শিক্ষার প্রতি এতই আন্তরিক যে সোমবার এবং এর আগেও আমাকে ফোন করে বলেছেন তোমার সব শিক্ষককে তুমি টিকা দিয়ে দাও। যেহেতু আমরা যেকোনও সময় স্কুল খুলে দেবো। যাতে আমার কোনও শিক্ষক টিকার আওতার বাইরে না থাকেন।

শিক্ষকদের টিকা দেয়া কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের টিকার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আমরা যেকোনও সময়, আজ থেকে সাতদিনের মধ্যে টিকা দেয়া শেষ করবো। আমি নিজেও নিয়েছি, আমাদের সচিবালয়ের সবাই নিয়েছে। কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি অনুরোধ করবো আমার শিক্ষকদের ৪০ বছরের উর্ধ্বে যারা পড়বেন তাদের টিকা নেওয়ার জন্য।

টিকা নেয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে খুব স্বাভাবিক মনে হলো। আমার কাছে আরামদায়কই মনে হয়েছে।

প্রতিমন্ত্রী শিক্ষকদের যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে এবং সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।

Share this news as a Photo Card