শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 26

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বর

0

কুষ্টিয়া প্রতিনিধি

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার বিকালে নববধূকে ঘরে তুলেছিলেন আহমেদ আনাস বাপ্পি (২২)। শুক্রবার ছিল বৌভাতের আয়োজন। কিন্তু সেই আনন্দ আর স্থায়ী হলো না। গভীর রাতে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন আনাস। এতে বিয়ের রাতেই বিধবা হলেন তাঁর নববধূ সাইরা খাতুন (১৮)।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাস ও সাইরা খাতুনের বিয়ে পড়ানো হয়। বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে বধূ সাইরাকে আনাসের বাড়িতে তুলে আনা হয়। সাইরা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

শুক্রবার দুপুরে নববধূকে ঘিরে বৌভাতের আয়োজন করা হয়েছিল। এ জন্য বাড়িতে অতিথিদের খাবারের স্থান ও প্যান্ডেল তৈরির কাজ চলছিল রাত পর্যন্ত।

আনাসও সেখানে উপস্থিত থেকে কাজের তদারকি করছিলেন। রাত আনুমানিক ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রæত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিয়ের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। কয়েক ঘণ্টা আগেও যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ ও অতিথিদের কোলাহল, রাত পেরোতেই সেখানে শুরু হয় কান্না ও আহাজারি। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নববধূ সাইরা।

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, স্ট্যান্ড ফ্যান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাসের মৃত্যু হয়েছে। প্রায় দুই মাস আগে তাঁর বিয়ে পড়ানো হয়েছিল। বৃহস্পতিবার নববধূকে বাড়িতে আনা হয়। শুক্রবার বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর মধ্যেই এমন দুর্ঘটনায় সব আনন্দ মাটি হয়ে গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ঝিনাইদেহ কৃষক হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ডের রায়

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় পিতা-পুত্রকে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে আসামিদের উপস্থিতিতে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও তার ছেলে আলামিনকে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত পিতা-পুত্র উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের নায়েব আলী নিজের জমিতে কাজ শেষে স্থানীয় জামিরুলের দোকানে পানি পান করতে যান। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যু হয়। নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি আলামিনকে গ্রেপ্তারের পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার পিতা-পুত্রকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অপর এক আসামি রাশিদা বেগমের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আলামিনকে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ইউনুস আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম মশিউর রহমান ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আকিদুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।

পাবলিক প্রসিকিউটর আকিদুল ইসলাম বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত একজনকে মৃত্যুদন্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

কুমারখালীতে এসএসসি’র ফল বিপর্যয় ঠেকাতে অভিভাবক সমাবেশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি’র প্রাক নির্বাচনী পরীক্ষায় সাধারণ ও ভকেশনাল শাখার ২৯৫ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৩০ জন পাশ করেছে। বিদ্যালয়টিতে শিক্ষার মানোন্নয়ন ও পাশের হার বৃদ্ধির লক্ষ্যে প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে সমাবেশ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে কুমারখালী মথুরা নাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক।

প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার জানান, আসন্ন ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সাধারণ শাখায় ১২৩ জনের মধ্যে পাশ করেছে মাত্র ২১ জন। এবং ভোকেশনাল শাখায় ১৭২ জনের মধ্যে মাত্র ৯ জন পাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয়না। গেল পাঁচ বছরে কোনেদিন অভিভাবকদের ডাকেনি। আর পরীক্ষায় ফেল করার পরে আজ ডাকা হয়েছে। ছাত্রদের ফেল করার জন্য শিক্ষকরা দায়ী।

তবে অভিভাবকদের এমন অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা।

ইউএনও ফারজানা আখতার বলেন, এ উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। সেজন্য কিছুদিন আগে উপজেলা পরিষদে শিক্ষকদের সঙ্গে একটি মিটিং হয়েছে। এই বিদ্যালয়টি সবচেয়ে পুরানো। এখানেও এমএসসিসহ প্রাক নির্বাচনী পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। সেজন্য শিক্ষার মানোন্নয়নে অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে সমাবেশের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এমন আয়োজন করা হবে।

সাংবাদিক দেবাশীষের বড় মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার স্কুল

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে অগ্নিকান্ডে দমবন্ধ হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশের সাতজন রয়েছেন। তাদের মধ্যে আজকের পত্রিকা-চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম হোসেন (৬৪) রয়েছেন।

এই দুর্ঘটনায় বাবা-মা ও ছোট ভাইকে হারিয়ে সাত বছরের মহিমা দত্ত এখন আপনজন হারানোর শোকে একা। ভারতে যাওয়ার আগে দেবাশীষ তার মেয়ে মহিমাকে কুষ্টিয়ায় ঠাকুমা ও ঠাকুরদার কাছে রেখে গিয়েছিলেন। এখন বাবা-মা ও ছোট ভাইকে হারিয়ে সেই ঠাকুমা-ঠাকুরদাই মহিমার একমাত্র আশ্রয় হয়ে দাঁড়িয়েছেন।

মহিমা কুষ্টিয়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণির ছাত্রী। বাবা-মা ও ভাইকে হারিয়ে তার ভবিষ্যৎ যখন অনিশ্চয়তার মুখে, ঠিক তখনই তার পাশে দাঁড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। মহিমার এইচএসসি পর্যন্ত পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

বৃহস্পতিবার সকালে মহিমার বাবা-মা ও ভাইয়ের মৃত্যুর খবরে স্কুলের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলসহ শিক্ষকরা তার বাড়িতে যান। তারা মহিমার ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে কথা বলেন এবং তার পড়াশোনার জন্য বই, খাতা, কলমসহ শিক্ষা-সংক্রান্ত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল বলেন, ‘মহিমা দত্তের এইচএসসি পর্যন্ত স্কুলের বেতন, পরীক্ষার ফি, বই-খাতা, কলমসহ যাবতীয় খরচ এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বহন করবে। শুরু থেকেই যেন বাবা-মায়ের অভাবে সে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। সকালে আমরা শোকসন্তপ্ত পরিবারের কাছে গিয়ে সার্বিক খোঁজখবর নিয়েছি।’

মহিমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার ঠাকুমা-ঠাকুরদাসহ পরিবারের সদস্য এবং দেবাশীষ দত্তের সহকর্মীরা। তারা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।

এর আগে বুধবার রাতে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা নিহত দেবাশীষ দত্তের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রæতি দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান দেবাশীষ দত্ত। প্রথমে তারা বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। প্রায় ১৩ দিন চিকিৎসা শেষে সোমবার রাতে কলকাতায় ফেরেন তারা। মঙ্গলবার আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা শেষে বুধবার তাদের দেশে ফেরার কথা ছিল। এর মধ্যেই কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

একই দূর্ঘটনায় নিহত অন্য বাংলাদেশিরা হলেন ঢাকার সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়ির আহমেদ বাবু (৪০), সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবতী সরকার। এ ছাড়া ভারতের ঝাড়খন্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহত অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।

অগ্নিকান্ডের পর উদ্ধার করা মরদেহগুলো কলকাতা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বিনামূল্যের চারা বিক্রির অভিযোগ বন বিভাগের কর্মকতাদের বিরুদ্ধে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় তামাক কোম্পানির বিনামূল্যে দেওয়া প্রায় ৩৫ হাজার গাছের চারা বন বিভাগের মাধ্যমে আত্মসাৎ ও বিক্রির অভিযোগ উঠেছে। কোম্পানির নির্ধারিত নার্সারি থেকে সরকারি ব্যবস্থাপনায় আনা এসব চারা বিনামূল্যে বিতরণের কথা থাকলেও সেগুলোর বড় একটি অংশ কোথায় গেছে, তার কোনো হিসাব দেখাতে পারেনি বন বিভাগ। অভিযোগ রয়েছে, বিনামূল্যের চারাই বন বিভাগের নার্সারি থেকে বিক্রি করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, চলতি বছর ওই তামাক কোম্পানি সরকারি কোনো দপ্তরকে সরাসরি চারা দেয়নি। শুধু বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষের জন্য চারা সরবরাহ করেছে। তবে বন বিভাগ কয়েকজন ব্যক্তির নামে কাগজপত্র করে ৫০ হাজার চারা বরাদ্দ নেয়। এর মধ্যে প্রায় ৩৫ হাজার চারা কুষ্টিয়ার সদর উপজেলার কবুরহাট গ্রামের কদমতলার ‘মামা-ভাগ্নে নার্সারি’ থেকে নেওয়া হয়েছে বলে নার্সারি মালিক দাবি করেছেন।

কিন্তু এসব চারা কোথায় বিতরণ করা হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো তালিকা বা প্রমাণ দেখাতে পারেনি বন বিভাগ। বরং বন বিভাগের দাবি, তারা ওই নার্সারি থেকে মাত্র ১৪ হাজার চারা এনেছেন।

প্রশ্ন উঠেছে, নার্সারি মালিকের হিসাব অনুযায়ী যেখানে কমপক্ষে ৩৫ হাজার চারা সরবরাহ করা হয়েছে, সেখানে বন বিভাগের হিসাবে ১৪ হাজার হলে বাকি প্রায় ২১ হাজার চারার কী হলো?

নার্সারি মালিক আমির হামজা বলেন, বন বিভাগের লোকজন কমপক্ষে ৩৫ হাজার চারা নিয়েছেন। পরে চারা নিয়ে যাওয়ার সময় একটি ভ্যান আটকের পর তারা আর চারা নিতে আসেননি। তার দাবি, এখনো বন বিভাগের কাছে আরও চারা পাওনা রয়েছে।

অভিযোগ রয়েছে, নার্সারি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বিআইডিসি বাজারসংলগ্ন বন বিভাগের নার্সারিতে নিয়ে যাওয়া এসব চারার একটি অংশ সেখান থেকেই বিক্রি করা হয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, প্রতিদিন ভ্যানভর্তি চারা ওই নার্সারিতে আসা-যাওয়া করতে দেখা যায়। তবে কোনগুলো সরকারি বা বিনামূল্যের চারা আর কোনগুলো বন বিভাগের নিজস্ব উৎপাদিত, তা বোঝার উপায় নেই।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগ নিজস্ব উৎপাদিত চারার সঙ্গে বিনামূল্যে পাওয়া চারাও বিক্রি করছে। আবার বিভিন্ন রেললাইন ও খালের পাড়ে বিনামূল্যের চারা দিয়ে বাগান করা হলেও নিজেদের উৎপাদিত চারার বড় অংশ বিক্রি করে দেওয়া হচ্ছে।

বন বিভাগের ডেপুটি রেঞ্জার আবু বকর সিদ্দিক অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ওই নার্সারি থেকে ১৪ হাজার চারা এনেছেন। কিছু বিতরণ করা হয়েছে এবং প্রায় ১৩ হাজার চারা এখনো বন বিভাগের নার্সারিতে রয়েছে। তিনি দাবি করেন, তারা নিজেদের উৎপাদিত চারা বিক্রি করছেন।

তবে বন বিভাগ এভাবে তামাক কোম্পানির বিনামূল্যের চারা এনে বিক্রি করতে পারে কি না, জানতে চাইলে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম বলেন, কত চারা আনা হয়েছে বা বিক্রি হয়েছে, তা তিনি জানেন না। তবে এভাবে ওই নার্সারি থেকে চারা আনা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

ফলে নার্সারি মালিকের সরবরাহের হিসাব, বন বিভাগের গ্রহণের হিসাব এবং বিতরণের কোনো দৃশ্যমান প্রমাণের মধ্যে বড় ধরনের অসঙ্গতি দেখা দিয়েছে। আর এই অসঙ্গতির মাঝেই বিনামূল্যের হাজার হাজার চারা উধাও কিংবা বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, তিনি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)কে তদন্তের নির্দেশ দিচ্ছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান ও শ্বশুরিসহ সাংবাদিক দেবর্শীষ নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিমমিন (২৫),সন্তান স্বর্ণ শীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়।

পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। দেবাশীষের আট বছর বয়সী অপর একটি কন্যা সন্তান এবং বাবা-মা রয়েছেন।

স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয়।

ভারতের পিটিআই ও এনডিটিভিসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, আগুনে প্রাণ হারানো ৮ জন বাংলাদেশি নাগরিক এবং তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অবৈধ জাল ও গাঁজা জব্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। জব্দ করা এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সুত্রে জানা যায়, সোমবার দিনগত রাত ২ দিকে রংমহল বিওপির বিজিবি টহল দল সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল এলাকায় আরেকটি অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া রাত ১০টার দিকে চরচিলমারী বিওপির একটি চৌকস টহল দল পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। স্পিডবোট ও দেশীয় নৌকা নিয়ে পরিচালিত এই অভিযানে নদী থেকে মালিকবিহীন অবস্থায় প্রচুর পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়। পরে স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেপে দেখা যায়, উদ্ধার করা জালের মধ্যে ৫,০৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪,৮৪৫ কেজি চায়না জাল রয়েছে, যার সিজার মূল্য প্রায় ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। নিয়ম অনুযায়ী এসব জাল পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধ এবং নদীমাতৃক সম্পদ রক্ষায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে এ ধরনের অবৈধ কার্যক্রম রুখতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

খোকসায় লাইনম্যানের সহযোগী বিদ্যুৎস্পৃষ্ট

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিদ্যুতের নতুন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট লাইনম্যানের সহযোগী সাহাদত (৩৮) অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে।

সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুরে ওই লাইনম্যানের সহযোগী ২০ ফুট উচু খাম্বায় বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি শিমুলিয়া গ্রামের ইব্রাহীম সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহাদত ও অপর একজন বিদ্যুতের মিস্ত্রী সকাল থেকে কাদিরপুর মোড়ের মুদি ব্যবসায়ী বিল্লাল আলীর দোকান ঘরে বিদ্যুতের নতুন মিটার স্থাপন করেন। এরপর বিদ্যুতের হাইভোল্টের খামায় ওঠেন। সেখান থেকে মিটারে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে লাইনে বিদ্যুত চালু হলে সাহাদত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এক পর্যায়ে তারের সাথে ঝুলতে থাকে। স্থানীয়রা বিদ্যুতের সাব ষ্টেশনে কল করলে বিদ্যুৎ বন্ধ করা হয়। ইতোমধ্যে স্থানীয়রা ওই লাইনম্যানের সহযোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

প্রত্যক্ষদর্শী কমলাপুর মিয়া পাড়া জামে মসজিদের ইমাম মিজানুর রহমান জানান, লোকটি খুটিতে উঠে কাজ করছিলো। হঠাৎ করে সঞ্চালন লাইনের উপর ঢলে পরলো। এরপর ঝুলতে থাকে। পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করায়। তার পর তারাই ওই লোকটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জাহিদ জানান, লোকটির মুখ-মাথা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে রেফার্ড করা হয়েছে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির খোকসা সাব জোনাল অফিসের এজিএম আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার খবর শুনেছেন। ওই ছেলে পল্লী বিদ্যুতের কর্মচারীও না। সোমবার রাত ১০টায় সর্বশেষ খবর পর্যন্ত ছেলেটির শরীরের অবস্থার উন্নতি হয়েছে।

বিক্ষোভের প্রস্তু‘তি কালে বৈছাআ নেতা মাহদীসহ আটক ৩

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশের প্রস্তু‘তি নেওয়ার অভিযোগ করছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক অন্য দুজন হলেন মির্জা সুমন ও রাকিব।

পুলিশের ভাষ্য, শহরে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ কর্মসূচির জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে কোর্ট মসজিদ এলাকায় মাহদীসহ তিনজন ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা অন্য কোনো বিক্ষোভকারীকে দেখা যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। কিন্তু প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদীসহ তিনজনকে আটক করা হয়।

কুষ্টিয়ায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের অভিযানে নাশকতা মামলার আসামি ও মিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশিক আহমেদ (২৫) গ্রেপ্তার হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোররাতে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে উপজেলার কাতলামারি এলাকায় অভিযান চালায় মিরপুর থানা-পুলিশের একটি বিশেষ টিম। এ সময় সেখান থেকে নাশকতা মামলার আসামি ছাত্রলীগ নেতা আশিক আহমেদকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে গ্রæপ কলে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করতো।

আশিক মিরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ জানান, আশিক আহমেদের বিরুদ্ধে নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘœ ঘটানোর অভিযোগে থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...