শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 15

সাংবাদিকের ওপর হামলা : জামায়াতের এমপির চাচা ও কথিত পিএস গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে যাওয়া এক সাংবাদিকের ওপর হামলার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী এলাকা থেকে গ্রেপ্তারের পর রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – কুষ্টিয়া ৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো.আফজাল হোসেনের চাচা আমিরুল ইসলাম (৫৫) ও কথিত পিএস মারুফ হোসেন (৩৫)।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন।

শনিবার দুপুরে পৌরসভার কালীবাড়ী মন্দিরের সামনে সড়কের অনিয়মের তথ্য সংগ্রহে গেলে নির্মম হামলার শিকার হন বেসরকারি বাংলা টিভির কুমারখালী – খোকসা প্রতিনিধি মাহবুব উল আহসান উল্লাস।

এঘটনায় সন্ধ্যায় কুষ্টিয়া-৪ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন ও এমপির চাচা আমিরুল ইসলাম এবং চাচাতো ভাই আনোয়ার হোসেন, কথিত পিএস মারুফ হোসেনসহ ১১ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা চেষ্টা আইনে আহত সাংবাদিক উল্লাস বাদী হয়ে মামলা করেন। এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ২০ – ২৫ জনকে।

অন্যান্য আসামিরা হলেন – শিবরামপুরের শরিফুলের ছেলে রুহুল আমিন (২২), দুর্গাপুরের আলতাফের ছেলে লিটন হোসেন (৪৫), পাথরবাড়িয়ার মো. কাফির ছেলে মো. আল আমিন (২৭), এলংগী এলাকার শফিকুলের ছেলে সোহান (২৬), জিয়ারতের ছেলে আল আমিন (২৬), বাদশার ছেলে সাব্বির (২৮), ওবাইদুলের ছেলে সাদিক (২৬)। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাংবাদিক মাহাবুব আহসান উল্লাস বলেন, ‘ নানা অভিযোগে পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু প্রভাব খাটিয়ে জামায়াতের এমপি ছেলে, ভাই ও স্বজনরা জোরপূর্বক সড়ক নির্মাণ কাজ চলমান রেখেছেন। কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়ম হচ্ছে।

সেসব তথ্য চিত্র সংগ্রহে গেলে এমপির স্বজনরা অতর্কিত হামলা চালিয়ে আমাকে রক্তাক্ত জখম ও আহত করেছে। সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করেছি। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা আইনে ১১ জনের নাম উল্লেখ করে মামলা নথিভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ঝাউদিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা প্রতিযোগিতা অনসুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ঝাউদিয়ায় দীর্ঘদিন পর জমে উঠল গ্রামবাংলার ঐতিহ্যবাহী (গাদন) খেলা দাঁড়িয়াবান্ধা। কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে রশিদা ফাউন্ডেশনের আয়োজনে দুইদিন ব্যাপী এ খেলা দেখতে ঝাউদিয়া বল ফিল্ডে আসে হাজারো দর্শক। প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শনিবার সন্ধ্যায় ফাইনাল খেলার মধ্য দিয়ে জমজমাট এ উৎসবের পরিসমাপ্তি ঘটে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসন-৩০৬ এর মাননীয় সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।

রাশিদা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এ্যাড. শামিম উল হাসান অপু’র সভাপতিত্বে উদ্বোধক কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

প্রধান আলোচক প্রকৌশলী জাকির হোসেন সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন রাশিদা ফাউন্ডেশনের উপদেষ্টা উত্তম কুমার বিশ্বাস ও ফাউন্ডেশনের সভাপতি শাহারিয়া ইমন রুবেল।

স্থানীয় সামাজিক সংগঠন রশিদা ফাউন্ডেশনের আয়োজনে দুই দিনের এ দাঁড়িয়াবান্ধা প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহণ করে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ব্যতিক্রমী এ খেলায় জয়-পরাজয়ের পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো ঝাউদিয়া বল ফিল্ড। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলাকে ঘিরে ঝাউদিয়া এলাকার তরুণদের মধ্যেও দেখা যায় ব্যাপক আগ্রহ।

প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে। পুরস্কার ঘোষণা ঘিরেও দর্শকদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উত্তেজনা। খেলার আঙ্গিনা ও এর আশপাশের বাসাবাড়ির ছাদেও ছিল নারী দর্শক।

অনুষ্ঠানের শেষ দিনে শনিবার
প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
সভাপতিত্ব করেন: রাশিদা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এ্যাড. শামিম উল হাসান অপু।
পরিচালনা করেন রাশিদা ফাউন্ডেশনের উপদেষ্টা উত্তম কুমার বিশ্বাস ও সংগঠনের সভাপতি শাহারিয়া ইমন রুবেল।
নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গাদন করতে না পারায় টসেট মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। তবে দুই দলকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সোনার বাংলা ক্লাব বনান আজিত স্মৃতি সংসদ।
উক্ত খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করে।
খেলা পরিচালনা করেন জমির উদ্দিন বিশ্বাস, তুহিন ইসলাম ও লালন।

প্রধান অতিথির বক্তব্য কুষ্টিয়া জেলা পরিষদের অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আধুনিক প্রযুক্তির যুগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে। দাঁড়িয়াবান্ধার মতো দেশীয় খেলাগুলোর আয়োজন শুধু বিনোদন নয়, বরং নতুন প্রজন্মের কাছে আমাদের শেকড় ও সংস্কৃতিকে তুলে ধরার অন্যতম মাধ্যম।

রশিদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শাহরিয়া ইমন রুবেল জানান, “দাঁড়িয়াবান্ধা আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। আধুনিকতার ছোঁয়ায় এই খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে তুলে ধরা এবং সবাইকে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। আমরা চাই, দাড়িয়াবান্ধার মতো হারিয়ে যেতে বসা খেলাগুলো আবারও মাঠে ফিরুক। হারিয়ে যাওয়া অন্যান্য খেলাধুলায় যুক্ত হোক এবং যুক্ত হোক এবং মাদককে না বলুক।

দীর্ঘদিন পর এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নিয়মিতভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন হলে তরুণ সমাজ মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের সুযোগ পাবে।

দৌলতপুরে বন্যাদুর্গত পরিবারের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বন্যাকবলিত ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী এলাকার অসহায় ও বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীম

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় দৌলতপুর উপজেলা জামায়াতের পক্ষ থেকে দিনব্যাপী নৌকায় করে চরাঞ্চলের বিভিন্ন প্লাবিত এলাকায় ঘুরে ঘুরে ৬ শতাধিক বন্যাদুর্গত পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাজহার মাহবুবের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ৩ আসনের এমপি আমীর হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরজ উল্লাহ, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী খাজা আহমেদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আক্তারুজ্জামান, চিলমারী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ওয়াহীদসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভেড়ামারায় এক তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় এক তরুণীর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। মোটরসাইকেল থেকে ওই তরুণীকে ফেলে যাওয়ার চারদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের দাবি, ওই তরুণীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে তাকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোটরসাইকেল থেকে ফেলে যাওয়া হয়েছিল।

ওই তরুণীর নাম ফারহানা ইয়াসমিন তমা (২০)। তার বাড়ি ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে। বাবার নাম তোজাম্মেল হক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তমা মারা যান। পরে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে তমার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

তমার ভাই মো.তামিম জানান, একই এলাকার আবু বক্কর আলী নামের এক ব্যক্তির সঙ্গে তমার বিয়ে হয়েছিল। চারমাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তমার মৃত্যুর পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আবু বক্কর আলীকে আটক করেছে।

তামিম দাবি করেন, অন্তত চারজন ব্যক্তি তমার উপর পাশবিক নির্যাতন চালিয়েছেন।

তামিম জানান, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাসেল নামের এক যুবক গোলাপনগর গ্রাম থেকে তমাকে মোটরসাইকেলে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে রাত আটটার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বকশীপাড়া গ্রামে অচেতন অবস্থায় তমাকে মোটরসাইকেল থেকে ফেলে রেখে যাওয়া হয়। এতে তমা মাথায় গুরুতর আঘাত পান। খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তমা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে অনেকটা সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন।

তামিম আরও জানান, তমাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া রাসেল, তার সাবেক স্বামী আবু বক্কর আলীর বন্ধু। তিনি তার বোনের মোবাইল ফোন দেখেছেন ঘটনার দিন বিকেলে মোট ৯ বার ফোন করেছিলেন রাসেল। ঘটনার পর থেকে রাসেল পলাতক।

তামিম দাবি করেন, তার বোন তমা গণ ধর্ষণের শিকার হয়েছেন। তবে হাসপাতালে শুধু মাথায় আঘাতের চিকিৎসা হয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি জানিয়ে হাসপাতালে তারা এই পরীক্ষা করার অনুরোধও জানিয়েছিলেন।

নিহত তমার মামাতো ভাই যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব জানান, তমা অত্যন্ত ভালো একটা মেয়ে। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর গোলাপনগর বাজার থেকে তাকে অপহরণ করা হয়। ৪ জনের সংঘবদ্ধ একটি দল উপযুপরি ধর্ষণ শেষে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে দেয় বাড়ির পাশের একটি নির্জন মোড়ে। ৪ দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা বলেছিলেন, এই ওয়ার্ডে ধর্ষণের পরীক্ষা করার উপায় নেই। ওয়ার্ড বদলে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) দিতে হবে। সেখানে পরীক্ষা হবে। তবে সেখানে নেয়ার আগেই তমার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, বিষয়টি তিনি এখনো জানেন না। খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, তমার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়েছে। তারা সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি বলছেন। কিন্তু পুলিশ এ বিষয়টি নিশ্চিত হতে পারেনি। পুলিশের প্রয়োজনীয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তমার সাবেক স্বামী আবু বক্কর আলীকে আটক করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে যেভাবে মামলা করা হবে তা গ্রহণ করা হবে।

জামায়াতের এমপির ভাইদের হামলায় সাংবাদিক আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌর সড়কে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এই হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুন্ডুপাড়ায় পৌর সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে তা সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার ও তার দেহরক্ষী পরিচয়দানকারী রহুলের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। পরে সহকর্মী সংবাদকর্মী ও পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঘটনার বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার জানান, পৌর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। তিনি চলে আসার পরপরই সাংবাদিক উল্লাসের ওপর এই হামলার ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহের সময় বাকবিতণ্ডার একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হামলা ঠেকানোর চেষ্টা করলেও পুলিশের সংখ্যা কম থাকায় তা পুরোপুরি সম্ভব হয়নি।

এ ঘটনায় জড়িতদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। দ্রুতই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।

এদিকে এই ন্যক্কারজনক হামলার ঘটনায় কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর ও সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী এবং নেপথ্যের ইন্ধনদাতাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সামিনা খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের হায়দারের চর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সামিনা হায়দারের চর এলাকার সাইদুল মালিথার মেয়ে। সে স্থানীয় চিলমারী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পানিতে চারদিক তলিয়ে যাওয়ায় বাড়ির পাশেই জমে থাকা পানিতে গোসল করতে নামে সামিনা, তার বোন সিনা ও আরও একজন। গোসলের একপর্যায়ে সামিনা পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা দুজন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধারে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে সামিনার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ঘটনার প্রত্যক্ষদর্শী চঞ্চল হোসেন বলেন, বাড়ির পাশেই বন্যার পানি উঠে যাওয়ায় সামিনা, তার বোনসহ আরও একজন সেখানে গোসল করতে নামে। একপর্যায়ে সামিনা পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা দুজন চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে তার মরদেহ উদ্ধার করে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারদিকে পানি থৈ থৈ করছে। শিশুরা বাড়ির আঙিনাতেই গোসল করতে নামছে। গত ১৫-২০ দিনে পানিতে ডুবে প্রায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা দুঃখিত।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, রামকৃষ্ণপুর ইউনিয়নের হায়দারের চর এলাকায় পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খাবারের দোকানে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ

0

কুমারখালী প্রতিনিধি

স্বাস্থ্যবিধির প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সড়কের পাশে খোলা আকাশের নিচে পোলাও-বিরিয়ানি, চিকেন ফ্রাই, দই-মিষ্টি সহ মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এসব খাবারের দোকানের বাহারি ও আকর্ষণীয় নাম দেওয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী এসব খাবারের দোকানে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

কুষ্টিয়ার কুমারখালী পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশীর ভাগ খাবারের দোকান প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই চলছে বলে অভিযোগ রয়েছে। এসব প্রতিষ্ঠানে খাবার তৈরির সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়েও নেই যথাযথ তথ্য। কোথাও আবার অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় রাখা হচ্ছে খাবার।

সরেজমিনে কয়েকটি খাবারের দোকানে দেখা যায়, রান্না ও খাবার তৈরির স্থান অনেক ক্ষেত্রেই অপরিচ্ছন্ন। তৈরি খাবার রাখা হয়েছে খোলা অবস্থায়। খাবারের আশপাশে মাছির উপস্থিতিও চোখে পড়ে। কর্মীদের পোশাক অপরিষ্কার; যথাযথ সুরক্ষা ছাড়াই খাবার তৈরির কাজ করছেন। এসব খাবারই কিনে খাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে শিশু-কিশোররা।

কুমারখালী পৌর বাজারে প্রায় ৪০টির বেশি খাবারের দোকান রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। এসব প্রতিষ্ঠানের অল্প কয়েকটি ছাড়া অধিকাংশেরই প্রয়োজনীয় লাইসেন্স নেই বলে অভিযোগ রয়েছে।

তবে উপজেলার শহর ও ১১টি ইউনিয়নের হাট-বাজার মিলিয়ে মোট কতটি খাবারের দোকান রয়েছে, তার সুনির্দিষ্ট হিসাবও সংশ্লিষ্ট স্যানিটারি ইন্সপেক্টরের কাছে।

এ অবস্থায় প্রশ্ন উঠছে প্রতিষ্ঠানের সংখ্যা সম্পর্কেই সুনির্দিষ্ট হিসাব নেই, সেগুলোর নিয়মিত স্বাস্থ্য পরিদর্শন ও নজরদারি কতটা কার্যকর?

সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাদ্য তৈরির কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি লাইসেন্স প্রদানের প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য শর্ত পূরণের পরই লাইসেন্স দেওয়ার ব্যবস্থা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের অভাবেই অনেক ক্ষেত্রে অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। তবে কর্তৃপক্ষের বক্তব্য, তাঁরা নিয়মিত পরিদর্শন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

কুমারখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহানাজ আক্তার বলেন, তাঁরা নিয়মিত খাবারের দোকানে গিয়ে স্বাস্থ্য শিক্ষা দেন। দোকানিদের লাইসেন্স করার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

তিনি বলেন, খাবারের দোকানের পরিবেশ ভালো রাখার বিষয়েও নিয়মিত পরিদর্শন করা হয়। তবে অনেক ব্যবসায়ী লাইসেন্স করতে আগ্রহী নন। এ কারণে মাঝে মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাও করা হয়।

বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

সীমান্তে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান অভিযান ও নজরদারির অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাজিপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ বোতল মদ এবং ৪,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি টহল দল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ ১২ হাজার টাকা। উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্য বিধি মোতাবেক মেহেরপুর জেলার গাংনী থানায় জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

পানিতে ডুবে শিশুর মৃত্যু কেন্দ্র করে হাসপাতালে হামলা ভাংচুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই চিকিৎসক আহত হয়েছেন। এতে হাসপাতালের জরুরি চিকিৎসাসেবায় সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮ টায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাফি (৩)। সে ওই গ্রামের সাব্বির হোসেনের ছেলে। শিশুর মৃত্যু কেন্দ্র করে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আরও জানান হামলায় ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামে দুই চিকিৎসক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় রাফি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ১১ নম্বর মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় তারা।

ঘটনার খবর পেয়ে মিরপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের পরিবারের দাবি, চিকিৎসকের অবহেলার কারণে রকির মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকের সাথে খারাপ আচরণ ও ভাংচুরের ঘটনা অস্বীকার করেছেন তারা।

হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, স্বজনদের প্রিয়জন হারানোর বেদনা আমরা সহানুভূতির সঙ্গে দেখি। তবে হাসপাতালে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত করে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এদিকে ভাঙচুরের পর হাসপাতাল পরিদর্শন করেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।

মিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ভাংচুরের ঘটনায় জড়িতদের সনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগের বাদিনী নারী গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ এনে মামলা করায় ৪৫ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারী কথিত ধর্ষণচেষ্টা মামলার বাদী ছিলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম ওই নারীকে গ্রেফতার করে। পরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠান আদালত। ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার নারী শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাসিন্দার।

আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহের চরমুরারিদহ গ্রামের ওই নারীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরোধ চলছিল। জমিজমা নিয়ে বিরোধের জেরে বিউটি খাতুন ব্যবসায়ী মিরাজ জামান রাজের বিরুদ্ধে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলা খারিজ করেন। এ ঘটনার জেরে ব্যবসায়ী মিরাজ জামান রাজ নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিটিশন দায়ের করেন। আদালত পিটিশনটি আমলে নিয়ে পাল্টা মামলায় ওই নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ব্যবসায়ী মিরাজ জামান রাজ বলেন, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। পরে তিনি আমার নামে ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেন। তবে অভিযোগ প্রমাণ হয়নি। মামলাটি বিজ্ঞ ট্রাইব্যুনাল খারিজ করেন। পরে আমি ওই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছি। কারণ তিনি আমার নামে মিথ্যা অভিযোগে মামলা করে হেনস্তা করেছেন। আমার মানসম্মানের ক্ষতি করেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আদালতের পরোয়ানার পরিপ্রেক্ষিতে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...