মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬.
Home Blog Page 12

এককেজি গাঁজাসহ মাদক সম্রাট পিতা-পুত্র গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি এলাকায় মাদক সম্রাট খ্যাত খন্দকার ময়েজ উদ্দিন (৭৭) ও তার ছেলে মেহেদী হাসানকে (৩৩) এককেজি গাঁজা সহ আটক করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়ার বিশ্বাসপাড়া এলাকার নিজবাড়িতে কুমারখালী থানা পুলিশ ও জেলার গোয়েন্দা শাখার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক ব্যবসায়ী খন্দকার ময়েজ উদ্দিন ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত চারটি মামলা রয়েছে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, বাউল সম্রাট ফকির লালন শাহের জন্ম ও মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে ছেঁউরিয়ায় এলাকায় বছরে দুটি বড় স্মরণোৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানমালা হয়ে থাকে।

এ সব অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদক সম্রাট ময়েজ উদ্দিন রমরমা মাদকের ব্যবসা চালিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও ময়েজ ও তার লোকজন মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।

ময়েজ নিজবাড়িতে রমরমা মাদকের আড্ডা ও ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। এসব নানা অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে যৌথ অভিযান চালায় পুলিশ। অভিযানে এক কেজি গাঁজাসহ ময়েজ উদ্দিন ও তার ছেলে মেহেদী হাসানকে আটক করা হয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে এক কেজি গাঁজাসহ মাদকের বড় ব্যবসায়ী ময়েজ উদ্দিন ও তার ছেলে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়েজের বিরুদ্ধে থানায় চারটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, ‘লালন মেলা মানেই মাদকের আড্ডা এমন ভ্রান্ত ধারণা থেকেই ছেঁউরিয়া এলাকায় মাদকে সয়লাব। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আসন্ন লালন মেলায় এবার কোনো মাদক ও মাদক ব্যবসায়ী – সেবনকারীর ঠাঁই হবেনা।

অবশেষে গোল হলো

0

দুই গ্রামের দুই দল কিশোররা নিজেদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। এক পসলা বৃষ্টিতে মাঠের গোল পোষ্টের সামনে জমে থাকা পানি নেওলে (পলিকাদা) কাঁদায় পরিণত হয়েছে। বাববার বল আটকে লক্ষ ভ্রোষ্ট হচ্ছে প্রতিপক্ষ। তবুও পানি কাঁদা মারিয়ে গোল করতে মরিয়া দুই পক্ষ। কুষ্টিয়ার খোকসার মাঠপাড়া (আকাশ জার্সি) কে ১-০ গোলে হারায় কমলাপুরের (লাল জার্সি)কিশোর দল। কালীবাড়ির মাঠ থেকে বৃহস্পতিবার বিকালে ছবিটি তোলা।

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে রোডম্যাপ প্রণয়ন, মিয়ানমারে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা বৃদ্ধি, ন্যায়বিচার ও জবাবদিহি এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

বুধবার নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত জাতিসংঘের উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠান ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: এ রিনিউড কল ফর এ ডিউরেবল সল্যুশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটি’ তিনি এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়ে আসছে। ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার পর সংকট আরও ভয়াবহ রূপ নেয়। নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছে।

তিনি বলেন, দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির কারণে শুধু রোহিঙ্গারাই নয়, কক্সবাজারের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীও সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপের মুখে পড়েছে। দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও হতাশা মানবপাচার, অবৈধ অভিবাসীপাচার, মাদকপাচার এবং অন্যান্য আন্তঃদেশীয় অপরাধের মতো নতুন নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন বাড়লেও মানবিক সহায়তার পরিমাণ কমছে। ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় ৯৩৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তার আবেদন করা হলেও ২০২৬ সালের জন্য তা কমিয়ে প্রায় ৭১০ মিলিয়ন ডলারে নামানো হয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, মানবিক সহায়তার উদারতা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না। একইভাবে, অনির্দিষ্টকাল ধরে শুধু বাংলাদেশের ওপর এই দায়িত্ব বহনের প্রত্যাশাও করা যায় না।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংকটের উৎপত্তি মিয়ানমারে। এর সমাধানও মিয়ানমারেই নিহিত।’ তবে রাখাইন রাজ্যের পরিস্থিতি এখনো নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল নয় বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত অবস্থায় থাকুক। তারা যেন নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং অধিকার সুরক্ষিত রেখে মিয়ানমারে নিজ ঘরে ফিরে যেতে পারে, সেটিই বাংলাদেশের লক্ষ্য।

তিনি বলেন, বাংলাদেশ মানবিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়কেও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তার দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করতে প্রস্তুত থাকবে।

ইউনিয়ন নির্বাচনের প্রার্থীদের জামানত বাড়লো পাঁচ গুণ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচগুণ বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য (মেম্বর) প্রার্থীর জামানত ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসি প্রকাশিত ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৬-এর সংশোধনীর চূড়ান্ত গেজেটে এসব বিধান যুক্ত করা হয়েছে। এই বিধিমালার গেজেটে গত বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষর করলেও বুধবার প্রকাশ করা হয়।

চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি সর্বোচ্চ ব্যয়ের সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর ব্যয়সীমা ২ লাখ টাকা করা হয়েছে। এক্ষেত্রে নির্বাচনী ব্যয়সীমা বেড়েছে দ্বিগুণ। নতুন বিধান অনুযায়ী, নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

এর আগে গত মাসে ইউপি নির্বাচন বিধিমালার সংশোধনীর খসড়া চূড়ান্ত করে সেটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছিল ইসি। মন্ত্রণালয়ের ভেটিং ও আইনি প্রক্রিয়া শেষ করার পর চূড়ান্ত গেজেট প্রকাশ করলো সংস্থাটি। স্থানীয় সরকারের অন্য চার প্রতিষ্ঠান- উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং জেলা পরিষদের আলাদা আলাদা নির্বাচন বিধিমালাগুলোও আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালায় আরও বলা হয়েছে, চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে ২৫ হাজার টাকা এবং সদস্য নির্বাচনের ক্ষেত্রে ৫ হাজার টাকা ট্রেজারি চালান, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুকূলে জামা দিতে হবে। কোনো প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্র দাখিল করা হলেও একাধিক জামানতের প্রয়োজন হবে না।

এতে জামানত ফেরতের ক্ষেত্রে বলা হয়েছে, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫ শতাংশ পেলে তার জামানতের অর্থ ফেরত দেওয়া হবে। ১৫ শতাংশের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এ ছাড়া জামানত ফেরত পাওয়ার যোগ্য কোনো প্রার্থী সরকারি গেজেটে নির্বাচনি ফলাফল প্রকাশের পরবর্তী ছয় মাসের মধ্যে তা গ্রহণ না করলে ওই অর্থ অফেরৎযোগ্য হিসেবে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

সংশোধিত বিধিমালায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর জন্য ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে এই বিধিমালার বিধান প্রযোজ্য হবে। ওই বিধিমালার পরিপন্থি কোনো কার্যক্রমে অর্থ ব্যয় করা যাবে না।

চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ব্যয়ের হিসাব পরিচালনার জন্য তপশিলি ব্যাংকে আলাদা হিসাব খোলার বিধানও রাখা হয়েছে। নির্বাচনি ব্যয়ের সব অর্থ ওই হিসাব থেকে ব্যয় করতে হবে। কোনো খাতে ২০ হাজার টাকা বা তার বেশি ব্যয় হলে তা চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

পরাজিত শক্তি গুলো সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

0

কুষ্টিয়া প্রতিনিধি

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,একাত্তরের পরাজিত শক্তির আজও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করতে কষ্ট হয়, ঠিক তেমনি ২৪ এর পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে কষ্ট হয়।

এই দুই রাজনৈতিক শক্তির ঐক্য আমরা এদেশের রাজনীতিতে প্রায়শই দেখতে পাই। আমরা আবারও দেখতে পাচ্ছি মাত্র ৭ মাস বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেই ঐক্য আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই এই দুই পরাজিত শক্তিকে সবাই মিলে মোকাবিলা করতে হবে।

বুধবার রাতে কুষ্টিয়ার একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে কুষ্টিয়া জেলা বিএনপি’র আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী। মতবিনিময় সভা স্থলে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি ও ঘটনা ঘটে।

অনিন্দ্য ইসলাম আরও বলেন, গত সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলে জাতীয়তাবাদী দল খুব খারাপ ফলাফল করেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি’র প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে কুষ্টিয়ার সেই হারানো সম্মান ফেরত আনতে হবে।

সাংগঠনিক এ মতবিনিময় সভায় দলের তৃণমূল পর্যায়ের নেতারাও তাদের বক্তব্যে দলের ভেতরের অনৈক্য বিভেদের কথা তুলে ধরেন।

মন্ত্রীর বক্তব্য শেষে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য চলাকালীন সময়ে মতবিনিময় সভা স্থলে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি ও ঘটনা ঘটে। পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।

নাসিম উদ্দিন স্বপন আর নেই

0

ষ্টাফ রিপোর্টার

কিডনি রোগে আক্রান্ত হয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসিম উদ্দিন স্বপন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।

পরিবার সূত্রে জানানো হয়, রাজধানী ঢাকার একটি হাসপাতালের চিকিৎসকরা বুধবার রাত ১০টার দিকে নাসিম উদ্দিন স্বপনকে মৃতবলে ঘোষনা করেন। তিনি খোকসা উপজেলা সদরের কলেজ পাড়ার বাসিন্দার ছিলেন। তিনি খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক প্রয়াত কুতুবউদ্দিন আহমেদের প্রথম পুত্র। আজ বুধবার রাতেই তার মরদেহ খোকসাতে আনা হতে পারে।

নাছিম উদ্দিন স্বপন দীর্ঘ দিন চট্টগ্রামে সিএন্ডএফ ও আমদানি রপ্তানি কারক হিসেবে ব্যবসা করেছেন। মরহুমের তিন কন্যা সন্তান, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত নাসিম উদ্দিন স্বপনের নিকট জন রবিউল আলম বাবুল জানান, তিনি বেশ কিছু দিন ধরে রাজধানীর মিরপুরের একটি কিডনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। গত কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃতবলে ঘোষনা করেন।

তিনি আরও জানান, মরহুমের মৃতদেহ তার গ্রামের বাড়ি খোকসাতে আনা হবে। পরিবারের পক্ষ থেকে সময় নির্ধারণ করে জানানো হবে।

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীদের বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

সরকারি সড়ক নির্মাণের অনিয়মের তথ্য সংগ্রহকালে বেসরকারি বাংলা টিভির কুমারখালী ও খোকসা প্রতিনিধি মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার বেলা ১১টার দিকে কুমারখালী পৌরসভার এলংগী এলাকা থেকে বিক্ষোভ মিছিল করা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। কর্মসূচিতে সর্বস্তরের জনগণ অংশ নেন।

কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হামলাকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, উল্লাসের দুলাইভাই মুরাদ জোয়ার্দার, প্রতিবেশী বাবলু বিশ্বাস, কবি ও নাট্যকার লিটন আব্বাস, স্থানীয় শরিফুল ইসলামসহ অন্যান্যরা।

তারা বলেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কুষ্টিয়া ৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম শোভন, চাচাতো ভাই আনোয়ারসহ তাদের সহযোগীরা নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি সড়ক নির্মাণের কাজ করছিলেন। উল্লাস সেই অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হন। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এরআগে, গত শনিবার দুপুরে কুমারখালী পৌরসভার কালিবাড়ী মন্দিরের সামনে হামলার শিকার হন সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাস। হামলার ঘটনায় ওইদিন সন্ধ্যায় তিনি কুষ্টিয়া ৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছেলে শোভন, চাচাতো ভাই আনোয়ার হোসেন, পিএস পরিচয়দানকারী মারুফ হোসেন, দেহরক্ষী পরিচয়কারী রুহুল আমিসহ ১১জনকে আসামি করে হত্যা চেষ্টা আইনে মামলা করেন। মামলায় পুলিশ এখন পর্যন্ত প্রধান আসামি রহুল আমিনসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ আগেই বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবুও ঠিকাদারের লোকজন কাজ চলমান রেখেছিল। সেই সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিক আহত হয়েছেন। থানায় মামলাও হয়েছে। অবশ্যই দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় হত্যাচেষ্টা আইনে ১১ জনের নাম উল্লেখ করে মামলা নথিভুক্ত করা হয়েছে। এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশে প্রস্তুতি নিচ্ছেন তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, নভেম্বর মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রস্তুতের কাজ চলমান।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হলেও ফল প্রস্তুতে অতিরিক্ত পরীক্ষক নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। তবে ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্ট শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা পরে অনুষ্ঠিত হয়। ওই বোর্ডের পরীক্ষা চলতি মাসের ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে।

এবার সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবীব (৬০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার আনসার-ভিডিপি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খন্দকার এহসান হাবীব দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে খন্দকার এহসান হাবীব মোটরসাইকেলযোগে দৌলতপুর থেকে উপজেলা পরিষদ অভিমুখে যাচ্ছিলেন। আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পৌঁছালে একটি পাখিভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি টলির সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই ছাত্রী ও কিশোর সম্পর্কে চাচাতো ভাই – বোন। তারা সাঁওতা কবুরাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, দুই বছর আগে ক্যান্সারজনিত রোগে ওই ছাত্রীর মা মারা যান। এরপর থেকে সে তার দাদীর কাছে থাকে। ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা ওই কিশোরকে দিয়ে মেয়ের জন্য ১০টি টাকা পাঠায়। এ সময় মেয়েটি নিজ ঘরে ভাত খাচ্ছিল। তখন তাকে জোর পূর্বক ধর্ষণ করে ওই কিশোর।

পুলিশ জানায়, ভিকটিম ও আসামি সম্পর্কে চাচাতো ভাই – বোন। ঘটনাটি ধামাচাপা দিতে পারিবারিকভাবে তারা মীমাংসা করতে চেয়েছিল। তবে সোমবার পুলিশ বিষয়টি টের পেয়ে ভিকটিমককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলায় মঙ্গলবার সকালে আসামীকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী বলেন, ‘মেয়েকে ১০টি টাকা দেওয়ার জন্য ওই ছেলেকে বাড়িতে পাঠিয়েছিলাম। তখন আমার মেয়ে ভাত খাচ্ছিল। সেসময় ভাত খাওয়ার কথা বলে লম্পট ছেলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি বিচারের আশায় মামলা করেছি।’ তবে মীমাংসার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...