স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার

0
21

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই ছাত্রী ও কিশোর সম্পর্কে চাচাতো ভাই – বোন। তারা সাঁওতা কবুরাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, দুই বছর আগে ক্যান্সারজনিত রোগে ওই ছাত্রীর মা মারা যান। এরপর থেকে সে তার দাদীর কাছে থাকে। ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা ওই কিশোরকে দিয়ে মেয়ের জন্য ১০টি টাকা পাঠায়। এ সময় মেয়েটি নিজ ঘরে ভাত খাচ্ছিল। তখন তাকে জোর পূর্বক ধর্ষণ করে ওই কিশোর।

পুলিশ জানায়, ভিকটিম ও আসামি সম্পর্কে চাচাতো ভাই – বোন। ঘটনাটি ধামাচাপা দিতে পারিবারিকভাবে তারা মীমাংসা করতে চেয়েছিল। তবে সোমবার পুলিশ বিষয়টি টের পেয়ে ভিকটিমককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলায় মঙ্গলবার সকালে আসামীকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী বলেন, ‘মেয়েকে ১০টি টাকা দেওয়ার জন্য ওই ছেলেকে বাড়িতে পাঠিয়েছিলাম। তখন আমার মেয়ে ভাত খাচ্ছিল। সেসময় ভাত খাওয়ার কথা বলে লম্পট ছেলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি বিচারের আশায় মামলা করেছি।’ তবে মীমাংসার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Share this news as a Photo Card