বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 548

উইন্ডিজের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের

0
SPORT-DROHO-7P6

দ্রোহ স্পোর্টস ডেস্ক

রান তাড়ার নতুন কীর্তি গড়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রাম টেস্ট জিতে নিলো ৩ উইকেটে। আর লজ্জার সাগরে ডুবলো বাংলাদেশ।

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটা এই ওয়েস্ট ইন্ডিজেরই। রামনরেশ সারওয়ান ও শিবনারায়ণ চন্দরপলের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। ২০০৩ সালের অ্যান্টিগার ওই টেস্ট ফিরালো চট্টগ্রামে। এবার বলতে গেলে একা হাতে লড়ে গেলেন কাইল মায়ার্স। কে বলবে, এই টেস্ট দিয়েই লাল বলের ক্রিকেটে অভিষেক হয়েছে তার! ক্যারিয়ারের প্রথম টেস্টে সেঞ্চুরিতে আটকে থাকলেন না, ডাবল সেঞ্চুরিতে জয় রাঙিয়ে মাঠ ছাড়লেন বীরের বেশে। প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকের চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। খেলেছেন অপরাজিত ২১০ রানের অতিমানবীয় ইনিংস।

রেকর্ড বই ওলটপালট করে ফেলা চট্টগ্রাম টেস্টের এমন সমাপ্তি হয়তো কেউই চিন্তা করেনি। ৩৯৫ রানের লক্ষ্য পাওয়ার পর খোদ ক্যারিবিয়ানরাই জোর গলায় জয়ের কথা বলতে পারেনি। কারণ চতুর্থ দিনেই তারা হারিয়ে ফেলেছিলো ৩ উইকেট। কিন্তু মায়ার্সের জাদুর কাঠিতে পাশার দান পাল্টে ঐতিহাসিক জয় পেলো সফরকারীরা।

চতুর্থ দিনের শেষ বিকেলে ক্রিজে এসে পঞ্চম দিনের একেবারে শেষ প্রান্তে এসে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন মায়ার্স। ওয়েস্ট ইন্ডিজ যখন জয় উৎসব করে, দিনের খেলা বাকি ছিল মোটে ২.৩ ওভার। রানের সঙ্গে ওভারের হিসাব কষে দারুণ সমীকরণ মিলিয়েছেন এই অভিষিক্ত ব্যাটসম্যান। ৩১০ বলে খেলা ২০ বাউন্ডারি ও ৭ ছক্কায় মার বলে দেয় কতটা আগ্রাসী ছিল তার ব্যাট। অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়ে উজ্জ্বল ভবিষ্যতের জানান দেওয়া মায়ার্সের কাছেই আসলে হেরেছে বাংলাদেশ।

এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে ক্যারিবিয়ানরা লজ্জার সাগরে ডুবিয়েছে মুমিনুল হকদের। তাও চতুর্থ ইনিংসে এই অবিশ্বাস্য জয় এসেছে তাদের দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া। সে কারণেই চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে তিন ক্রিকেটারের। যাদের দুজন মায়ার্স ও এনক্রুমা বনার গড়েছেন জয়ের পথ। চতুর্থ উইকেটে অভিষিক্ত দুই ব্যাটসম্যান গড়েন ২১৬ রানের বিশাল জুটি।

পঞ্চম দিনটা একেবারেই বাংলাদেশের ছিল না। প্রথম দুই সেশন উইকেটশূন্য থাকার পর শেষ সেশনের শুরুতে জোড়া আঘাতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও মায়ার্স-বীরত্বে শেষ রক্ষা হয়নি।

শেষ সেশনের প্রথম ওভারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাইজুল ইসলামের সৌজন্যে ৭৩ ওভার পর প্রথম উইকেট পায় স্বাগতিকরা। সেট ব্যাটসম্যান বনারকে ফিরিয়ে বাঁহাতি স্পিনার স্বস্তি ফেরান দলে। চতুর্থ দিনে ২৫তম ওভারে শেষবার উইকেট উদযাপন করেছিল বাংলাদেশ। পরের উইকেট পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ৯৮ ওভার পর্যন্ত। উইকেটশূন্য দুই সেশনের পর চা বিরতি থেকে ঘুরে এসে প্রথম ওভারেই বনারকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তাইজুল। ছক্কা হাঁকানোর পরের বলেই এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অভিষিক্ত এই ব্যাটসম্যান যাওয়ার আগে খেলেছেন ৮৬ রানের চমৎকার এক ইনিংস। তার বিদায়ে ভাঙে মায়ার্সের সঙ্গে গড়া ২১৬ রানের জুটি।

খানিক পর বাংলাদেশের আশা আরও উজ্জ্বল হয় নাঈম হাসানের বলে জার্মেইন ব্ল্যাকউড আউট হলে। ডানহাতি স্পিনারের বল ডাউন দ্য উইকেটে খেলতে এসে বোল্ড হয়ে যান ৯ রান করা ব্ল্যাকউড। এরপর আবার জোশুয়া দা সিলভাকে নিয়ে মায়ার্সের এগিয়ে চলা। জোশুয়া ২০ রান করে তাইজুলের শিকার হলেও ষষ্ঠ উইকেটে মায়ার্সের সঙ্গে গড়ে যান গুরুত্বপূর্ণ ১০০ রানের জুটি। আর তিনি যখন ফিরছিলেন, ক্যারিবিয়ানরা জয় থেকে তখন মোটে ৩ রান দূরে। পরে কেমার রোচও (০) আউট হয়েছেন। কিন্তু ওই যে, একপ্রান্ত আগলে রেখেছিলেন মায়ার্স!

ক্রিকেটদেবতা তাকে দুহাত ভরে দিয়েছে চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে। তাই যেভাবে ব্যাটে বল লাগাতে চেয়েছেন, লেগেছে। পঞ্চম দিনে চেষ্টার পর চেষ্টা করেও তাকে দমানো যায়নি। বরং আক্রমণাত্মক ব্যাটিংয়ে স্মৃতির পাতায় সাজিয়ে রাখা এক ইনিংস খেলে ক্যারিবিয়ানদের এনে দিলেন রূপকথার জয়। সমান্তরালে দ্বিতীয় ইনিংস ঘোষণা করা বাংলাদেশ ডুবলো লজ্জার সাগরে!

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩০ ও দ্বিতীয় ইনিংসে ৬৭.৫ ওভারে ২২৩/৮ (ডিক্লে.) (মুমিনুল ১১৫, লিটন ৬৯, মুশফিক ১৮, মিরাজ ৭, সাদমান ৫; ওয়ারিকান ৩/৫৭, কর্নওয়াল ৩/৮১, গ্যাব্রিয়েল ২/৩৭)।

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯ ও দ্বিতীয় ইনিংসে ১২৭.৩ ওভারে ৩৯৫/৭ (মায়ার্স ২১০*, বনার ৮৬, ক্যাম্পবেল ২৩, জোশুয়া ২০, ব্র্যাথওয়েট ২০, মোসেলি ১২; মিরাজ ৪/১১৩, তাইজুল ২/৯১, নাঈম ১/১০৫)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: কাইল মায়ার্স।

কুমারখালীতে টিকা দিলেন উপজেলা চেয়ারম্যান, ছবি-ভিডিও ভাইরাল

0
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান টিকা গ্রহন কারীর শরীরে টিকা পুশ করেছেন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষিত নার্সের পরিবর্তে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান তিন জন টিকা গ্রহন কারীর শরীরে টিকা পুশ করেছেন। তাঁর এই টিকা পুশের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

প্রশিক্ষিত নার্সের বদলে একজন জনপ্রতিনিধির টিকা দেওয়ার ঘটনাকে খুবই ভয়ানক বলে দাবি করেছেন চিকিৎসকরা।

নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, দক্ষ নার্স, চিকিৎসক বা চিকিৎসা সংশ্লিষ্ট অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ এটা পুশ করতে পারেন না।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান টিকা গ্রহন কারীর শরীরে টিকা পুশ করেছেন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সঠিকভাবে টিকা দেওয়া না হলে মাংশপেশির চারপাশে প্রদাহ দেখা দিতে পারে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, এটা কোনোভাবেই তিনি (উপজেলা চেয়ারম্যান) করতে পারেন না। করোনা টিকা দেওয়ার জন্য নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরাই টিকা প্রদান করতে পারেন। অন্য কারও টিকা দেওয়ার প্রশ্নই আসে না। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা টিকা দেওয়া শুরু হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। এ সময় সিরিঞ্জ হাতে নিয়ে তিনজনের শরীরে টিকা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান। নার্স ও চিকিৎসকেরা তাঁকে সহায়তা করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যানের টিকা দেওয়ার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৫৩ সেকেন্ডের একটি ভিডিওতে তাঁকে টিকা পুশ করতে দেখা যায়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান যে তিনজনের শরীরে করোনার টিকা পুশ করেছেন তাঁরা হলেন কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী মোখলেছুর রহমান ও স্থানীয় সাংবাদিক কে এম আর শাহীন।

উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে টিকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আমি ভয় পাচ্ছিলাম। অন্যদিকে তাকিয়ে ছিলাম। পরে শুনেছি উপজেলা চেয়ারম্যান টিকা পুশ করেছেন। চেয়ারম্যান না দিয়ে নার্স দিলেই ভালো হতো।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন বলেন, ঘটনার সময় তিনি ওই কক্ষের বাইরে ছিলেন। বিষয়টি তাঁর জানা নেই।

আবদুল মান্নান খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঝিনাইদহে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

0
নিহত শিশুর বাড়িতে স্থানীয়দের ভীড়

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরতলীতে তিন তলার ছাদ থেকে পড়ে জাসিম হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে শহরে কাঞ্চননগর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জাসিম ওই এলাকার গোলাম আজমের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই শিশুটি সকালে নিজ বাসার তৃতীয় তলার ছাদে উঠে খেলা করছিল। এসময় ছাদের উপর থেকে নিচেই পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধদার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খোকসায় প্রথম করোনা টিকা নিলেন মেডিকেল অফিসার

0
আরএমও প্রেমাংশু বিশ্বাস

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে করোনা টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ আরএমও প্রেমাংশু বিশ্বাস টিকার প্রথম ডোজ গ্রহন করেন। শনিবার বিকাল পর্যন্ত উপজেলা ৮১ জন টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেন। তবে প্রথম দিনে মাত্র ৮ জন স্বতস্ফত ভাবে টিকা গ্রহন করেছেন। এদের মধ্যে সাবেক অধ্যক্ষ আলীম রেজা আকু, দুইজন সিনিয়র স্টাফ নার্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী রয়েছেন।

রবিবার খোকসায় টিকা প্রদান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম উপস্থি ছিলেন।

প্রথম ধাপে এ উপজেলায় ৩৯৯ ডোজ টিকা দেওয়ার টার্গেট রয়েছে। শুনবার বিকাল পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে ৮১ জন।

কুষ্টিয়ায় প্রথম টিকা গ্রহণকালে হানিফ

0
MP-HANIF-DROHO-70P1
মাহাবুবউল আলম হানিফ

বিএনপি টিকা নিয়ে মিথ্যাচারে লিপ্ত, আমরা প্রমাণ করেছি

কুষ্টিয়া প্রতিনিধি
করোনা মহামারি থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য দ্রুততম সময়ে করোনার টিকা সব জেলা পর্যায়ে পৌছে দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ।

রবিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা টিকা নিজের শরীরে পুশ করিয়ি জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করে হানিফ সাংবাদিকদের বলেছেন, বিএনপি প্রথম থেকে করোনা নিয়ে নেতিবাচক কথা বলে আসছে। তারা বলেছিল করোনার টিকা বাংলাদেশে আসবে না, কিন্তু টিকা এসেছে। এর পরে তারা বললো ভ্যাকসিন আগে প্রধানমন্ত্রী নিক, তারপর অন্যরা নেবে। এসব বলে তারা দেশের মানুষের ভিতর করোনা টিকা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এটা নিলে মানুষ মারা যেতে পারে করোনা টিকা নিয়ে তারা এমন ভয়ংকর প্রচারণা চালিয়েছিল। যাতে মানুষ করোনা টিকা না নেয় সেই জন্য তারা মানুষের মধ্যে আতংক সৃষ্টি করেছিল।

হানিফ বলেন, আমরা টিকা নিয়ে এটা প্রমাণ করেছি যে বিএনপি টিকা নিয়ে মিথ্যাচারে লিপ্ত আছে। তিনি বলেন, ভ্যাকসিন নেবার পরে আমার মধ্যে কনো ধরণের অসুস্থতা নেই। ২০ মিনিট পরেও আমি স্বাভাবিকভাবে কথা বলছি। এটা নিরাপদ। এ সময় তিনি জনগনকে রেজিষ্ট্রেশন করে নির্ভয়ে করোনা ভ্যাকসিন নেবার অনুরোধ জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ জেলায় প্রথম করোনা টিকা গ্রহন করেন। এসময় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোটেক অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিসিন বিশেষজ্ঞ মুসা কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু করোনার টিকা নেন। এ সময় সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম, জেলা বিএমএমএর সভাপতি ডাক্তার এস এম মুসতানজিদ উপস্থিত ছিলেন।

রবিবার টিকা দান কর্মসূচীর উদ্বোধনী দিনে কুষ্টিয়ায় নিবন্ধন করা প্রায় একশ’ জনের করোনা টিকা দেওয়া হয়। জেনারেল হাসপাতালের চারটি বুথে এই টিকা দেওয়া হয়। এ পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ টিকা নেবার জন্য নিবন্ধন করেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, পুলিশ লাইনসহ কয়েকটি পয়েন্টে নিবন্ধিত মানুষের মধ্যে টিকা দেওয়া হবে বলে জানা গেছে।

কুষ্টিয়ার বিজিবি’র কোটি টাকার মাদক উদ্ধার

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কোটি টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের মধ্যে হলো ৫০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৪৭ বোতল ফেনসিডিল, ৮৭৫ বোতল মদ, ৫ হাজার ৪৭৩ পিস্ ইয়াবা ট্যাবলেট এবং ৮ কেজি ৩০০ গ্রাম গাজা।

উদ্ধার করা মাদকের মূল্য ৯৩ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ভারত সীমান্ত সংলগ্ন বিজিবি‘র বিওপি ক্যাম্পের টহলরত সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, গাজা ও মদ উদ্ধার করেছে।

মেডিকেল ২ এপ্রিল ও ডেন্টালে ৩০ এপ্রিল ভর্তি পরীক্ষার

0
MBBS&BDS-EX-DROHO-6-5

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ২ এপ্রিল এবং ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা ৩০ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আহসান হাবিব শনিবার সকালে বলেন, আগামী বৃহস্পতিবার থেকে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনে নির্ধারিত আবেদনপত্র গ্রহণ করা হবে। চলবে ১ মার্চ পর্যন্ত।

তিনি জানান, ২০ থেকে ২৫ মার্চ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেয়া হবে। এছাড়া বিডিএস কোর্সের আবেদন শুরু হবে ২৭ মার্চ থেকে এবং আবেদনপত্র গ্রহণ করা হবে ১৫ এপ্রিল পর্যন্ত। ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হবে। ২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দু-একদিনের মধ্যেই এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশিত হবে।

ঘরে ঢুকে পরা ট্রাকের চাপায় বাবা-মেয়ে নিহত

0
ছবি সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বসতঘরে ঢুকে পড়ে চাপ দেওয়ায় বাবা ও মেয়ে নিহত হয়েছে।

পাবরার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া এলাকার শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় নিহতরা হলেন পাবনার সাঁথিয়ার দিনমজুর শাহ বাবু (৩৭) ও তার ১২ বছর বয়সী মেয়ে বৃষ্টি।

স্থানীয়দের বরাত দিয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, রাতে শাহ বাবু স্ত্রী ও সন্তানদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় নগরবাড়ি থেকে সিরাজগেঞ্জর বাঘাবাড়িমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

ঝিনাইদহে র‌্যাবের ভ্রাম্যমান আদালত’র অভিযান

0
JHENIDA-RAB-DROHO-6-P3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরে মিষ্টির কারখানা, বিস্কুট তৈরীর কারখানা ও নকল কসমেটিক্স মজুত রাখা গোডাউনে র‌্যাবের ভ্রাম্যমান আদালতর অভিযান চালিয়েছে। ভেজাল পন্য উৎপাদন ও মজুত রাখার দায়ে এ সব প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে এ আদালত।

শনিবার ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে র‌্যাব ঢাকা কুর্মিটোলা সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট নাদির শাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এবং ওষুধ প্রশাসনের রেহান হাসান শহরের বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করেন।

অভিযানে ২ টি মিষ্টির কারখানা, ১টি বিস্কুট কারখান, ১টি নকল কসমেটিক্স মজুত করায় চার ব্যক্তিতে পৃথক পৃথক তিন লক্ষ সত্তর হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এ আদালত। অভিযানে উদ্ধার করা ভেজাল খাদ্য সামগ্রী এবং বিপুল পরিমাণে নকল ও অননুমোদিত কসমেটিক্স সামগ্রী ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতে দন্ডিতরা হলে গোলাম মোস্তফা, সুব্রত ঘোষ, রবি ঘোষ, শেখ জামান আহমেদ, হীরা বেকারী এন্ড কারখানার মালিক।

মিয়ানমারের সামরিক সরকার বাংলাদেশকে চিঠি দিয়েছে

0
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশকে চিঠি দিয়ে মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কারণ কী- তার ব্যাখ্যা দিয়েছে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক সরকার।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।

ড. মোমেন বলেন, মিয়ানমারের নতুন সরকার বাংলাদেশী রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। সেখানে তারা বলেছে, কী কারণে তারা ক্ষমতা দখল করেছে। তারা বলেছে, এক কোটির বেশি ভুয়া ভোট হয়েছে। এই ভুয়া ভোটের কারণে তাদের একটি দায়িত্ব চলে এসেছে।

মিয়ানমারের এই সামরিক সরকারের রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে খবর এসেছে যে মিলিটারি কমান্ডাররা রাখাইনে রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে আলাপ করেছেন।

রোহিঙ্গারা তাদের অভিযোগের কথা বলেছে যে তারা চলাফেরা করতে পারে না। আর্মি সরকার বলেছে, আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করব, ধাপে ধাপে অবস্থার পরিবর্তন করব।

তিনি বলেন, আর্মিদের এসব কথা শুনে আমাদের দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গাদের মধ্যে খুব উৎসাহ দেখা দিয়েছে। তারা খুব খুশি আর্মি তাদের অভয় দিয়েছে। এটি ভালো খবর।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।