কুষ্টিয়া হাসপাতালকে অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন এমপি হানিফ

0
207

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলায় একদিকে যেমন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর লাইন দীর্ঘ হচ্ছে অন্যদিকে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে রোগী ভর্তির চাপও বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় রীতিমত হিমশিশ খেতে হচ্ছে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের। হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় আবারও করোনা আক্রান্ত রোগী এবং জেলা স্বাস্থ্য বিভাগের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। এই সংসদ সদস্য এবার ব্যক্তিগত উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে ১শ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনা রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে যেন অক্সিজেনের সংকট দেখা না দেয় সেজন্য মাহাবুব উল আলম হানিফ এমপি তাঁর ব্যক্তিগত উদ্যোগে রবিবার ৫০ টি এবং সোমবার ৫০ টি দুদফায় ১শ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।

তিনি আরো জানান, শুধু অক্সিজেন সিলিন্ডার নয় এর আগে গত বছরের মে-জুন মাসে মাহবুব উল আলম হানিফ এমপি হাসপাতালকে ৩ টি হাই ফো নেজাল কেনোলা মেশিন উপহার দিয়েছিলেন।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় তাঁর সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। জেলার সার্বিক উন্নয়নসহ যে কোন ধরণের সমস্যা মোকাবেলায় তাঁর দুয়ার উন্মুক্ত। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এই করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

Share this news as a Photo Card