মেহেরপুরে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর হিন্দা তেতুলবাড়িয়া মাঠ থেকে লিটন মিয়া (৩৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। লিটন গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের শিলাল পাড়ার গোলাম মোস্তফার ছেলে।
গাংনী থানার ওসি সাজেদুল ইসলাম জানান, শনিবার বিকালে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিলেন লিটন। রাত গভীর হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। পরে মাঠে লিটনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। লিটন বজ্রপাতে কোনো এক সময় মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
যুবককে গাছে বেঁধে প্লাস দিয়ে আঙ্গুল ভেঙ্গে দেওয়া হলো
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে এক যুবককে ছাগল চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। যুবকটিকে গাছের সঙ্গে বেঁধে প্লাস দিয়ে চেপে ভেঙ্গে দেওয়া হয়েছে তার হাতের আঙ্গুল। এমন ঘটনার ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন কামারখন্দ উপজেলার জামতৈল কলেজপাড়া গ্রামের মাছের পোনা ব্যবসায়ী হ্যাপি হোসেন এমন নির্যাতন চালিয়েছে এবং ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যুবককে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে প্লাস দিয়ে তার হাতের আঙ্গুল ভাঙ্গছেন হ্যাপি। এমন নির্যাতনে যুবকটির আর্তচিৎকারেও থামেনি অমানবিক নির্যাতন। অভিযুক্ত হ্যাপি নির্যাতিত যুবককে বলেন, ‘তোর দুইটা আঙ্গুল ভাঙ্গছি, বাকিদের নাম না বললে সবগুলো আঙ্গুল ভাঙ্গবো, তার আগে ছাড়বো না। স্থানীয়দের বার বার নিষেধ সত্ত্বেও প্রায় দু’ঘণ্টা নির্যাতনের পর ওই যুবককে ছেড়ে দেন হ্যাপি।
এ ঘটনায় কামারখন্দ উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। এটি খুবই বর্বর ও অমানবিক। পুলিশকেও বিষয়টি তাৎক্ষণিক জানিয়েছি।
কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে পুলিশ নির্যাতনকারীকে খুঁজছে। নির্যাতিত যুবক ও নির্যাতনকারী হ্যাপিকে খুঁজে পাওয়া যায়নি।
এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের আসামি আটক
দ্রোহ অনলাইন ডেস্ক
স্বামীকে আটকে রেখে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে আটক করা হয়েছে।
ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
রবিবার সকালে ছাতক খেয়াঘাট এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ছাতক থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
তবে সিলেট মহানগর পুলিশের কেউ এখনও আটকের তথ্য জানেন না বলে জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী এমসি কলেজে বেড়াতে যান। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ করে তারা। খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরাণ থানা পুলিশ।
শুক্রবার ওই বর্বরোচিত ঘটনার পর ক্ষোভ, নিন্দা আর ধিক্কারে সরব হয়ে উঠেছে বিভিন্ন সংগঠন। অবিলম্বে ধর্ষকদের আটকের দাবিও জানান সবাই। বন্ধ ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের থাকতে দেওয়ায় কলেজ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন উঠেছে।
শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, ১২৮ বছরের পুরাতন শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এমন ন্যক্কারজনক ঘটনায় এক কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি হলো।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে নগরীর শাহপরাণ থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এজাহারে ছয় আসামির নাম রয়েছে, তিনজন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছে। নাম থাকা আসামিদের ছয়জনই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। তারা হলেন- সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি, তারেক, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান।
মাদকসেবী ২৬ পুলিশের চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু
দ্রোহ অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যকে ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ জন সদস্যের পজিটিভ পেয়েছি। এই ২৬ জনকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার রাজধানীর মিরপুরে অবস্থিত ডিএমপির নতুন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিরাও বুঝতে পারবে যে আমরা কাউকেই ছাড় দিবো না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং এই রাস্তা থেকে ফিরে এসেছে।
তিনি আরও বলেন, পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আটক করা হচ্ছে। এ বিষয়ে কোনরকম শিথিলতা দেখানো হচ্ছে না।
একজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয় ঠিক সেভাবে মাদকের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
একই সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পাবনা-৪ আসন উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়
পাবনা প্রতিনিধি
জাতীয় সংসদের পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘোরিয়া) উপনির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় হয়েছে। ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নূরুজ্জামান বিশ্বাস। তার নিকটতম প্রতিদ্বন্ধী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট।
এছাড়াও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। ঈশ্বরদীর ৮৪টি এবং আটঘোরিয়ার ৪৫টি মোট ১২৯টি কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হয়। দুই উপজেলায় মোট ভোটার ছিল ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।
মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস বিজয়ের ফলাফল পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঈশ্বরদী ও আটঘোরিয়াবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আবারো এখানে মুক্তিযুদ্ধ পক্ষ শক্তির বিজয় অর্জিত হলো।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এই নির্বাচনের সমন্বয়ক এস এম কামাল হোসেন নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় ঈশ্বরদী ও আটঘোরিয়ার মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের এই এলাকায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এসময় তিনি এই এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানান।
ঝিনাইদহে অপহৃত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাঁচদিন আগে অপহৃত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উপজেলার হাজামাপাড়া গ্রামের একটি একটি শ্যালো মেশিনের ঘরের মাটি খুঁড়ে বৃহস্পতিবার গভীর রাতে সুজন নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
সুজন (২১) আউশিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে।
আটকরা হলেন- শৈলকুপা উপজেলার হাজামপাড়া গ্রামের বাবলু শেখের ছেলে সাকিব (২০), কলিম উদ্দিনের ছেলে নাজমুল (১৮) ও ১৫ বছরের এক কিশোর।
সুজনের চাচা শফিউদ্দিন বলেন, রবিবার বিকালে শৈলকুপা টেলিফোল একচেঞ্জ ভবনের সামনে থেকে রাকিব ও সাকিব নামে দুইজন টাকা দেওয়ার কথা বলে সুজনকে মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এরপর থেকে সুজনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।পরে শ্যালো মেশিনের ঘরের মাটি খুঁড়ে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ওই কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে সুজনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জলবায়ু পরিবর্তন- পৃথিবীকে রক্ষায় প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
দ্রোহ অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির হাত থেকে পৃথিবী ও মানবজাতিকে রক্ষার আহ্বান জানিয়ে পাঁচটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে ‘ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক উচ্চ পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে ভিডিওবার্তায় এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলো হল- রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য উৎসাহিত করতে হবে; বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের কম রাখা এবং প্যারিস চুক্তির সবগুলো অনুচ্ছেদের বাস্তবায়ন; জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করা; দূষণকারী দেশগুলোকে অবশ্যই প্রশমনমূলক পদক্ষেপের মাধ্যমে জাতীয় নির্ধারিত অবদান (এনডিসি) বৃদ্ধি করতে হবে এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনবার্সন বৈশ্বিক দায়িত্ব-এই স্বীকৃতি দেওয়া।
বাংলাদেশের অভিজ্ঞতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজন ও সামলে নেওয়ার বিষয়ে বাংলাদেশের কিছু ধারণা ও অভিজ্ঞতা আছে বিনিময় করার মতো। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং পানি ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করেছে।
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
দুর্যোগ থেকে মানুষকে রক্ষায় চার হাজার ২৯১টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৫২৩টি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং ৫৬ হাজার স্বেচ্ছাসেবক তৈরির কথা উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “এ কারণেই আমরা ‘আরইএপি’ উদ্যোগে যোগ দিয়েছি, যার লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ১০০ কোটি মানুষকে দুর্যোগ থেকে নিরাপদ করা।”
বাংলাদেশ সিভিএফের বর্তমান চেয়ারম্যান এবং সম্প্রতি ঢাকায় গ্লোবাল সেন্টার অব অ্যাডাপ্টেশনের আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
কুমারখালীতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শশুর আটক
কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক সন্তানের মাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ে করা মামলায় স্বামী ও শ^শুরকে পুলিশ আট করেছে। পালিয়ে বেড়াচ্ছে নিহতের শ^াশুরী ও দাদি শ^াশুরী।
এজাহার সূত্রে জানা গেছে, এক সন্তানের মা গৃহবধূ চাঁদনী (২১) কে বাবার বাড়ি থেকে ঘর সাজানো আসবাবপত্র ক্রয়ের জন্য মোটা অংকের টাকা এনে দিতে বলেন শ^শুর বাড়ির লোকেরা। টাকা এনে দিতে ব্যর্থ হওয়ার জের ধরে গত ২২ সেপ্টেম্বর রাতে চাঁদনীর স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ী ও দাদী শ্বাশুড়ী যৌথ ভারে গৃবধূর উপর চড়াও হয়। শুরু হয় তার উপর শারীরিক নির্যাতন। প্রথমে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৃহবধূকে। পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরের ডাবে সাথে ওড়না পেঁচিয়ে কিছু সময় ঝুলিয়ে রাখা হয়। পরবর্তীতে নিহত চাঁদনীর বাবার পরিবারকে খবর না দিয়েই ঘাতকরা চাঁদনীকে ঘিরে আত্মহত্যার নাটক সাজায়। বুধবার দুপুরে চাঁদনীর বাবার পরিবার খবর পেয়ে ঘটনা স্থলে যায়। এ ঘটনায় নিহতের পিতা শহিদুল ইসলাম বাদি হয়ে কুমারখালী থানায় মামলা করেছেন।
চাঁদনী হত্যা মামলার প্রধান আসামী ঘাতক স্বামী আসাদুজ্জামান নিশান (২৫) ও তার বাবা রিফাজ উদ্দিন শেখ (৫৫) কে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। মামলায় অপর দুই আসামী চাঁদনীর শাশুড়ী শিরিনা সুলতানা (৪৫) ও দাদী শাশুড়ী পূর্ণিমা (৬০) পলাতক রয়েছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, যৌতুকের দাবিতে শ^শুর বাড়ির লোকেরা শারীরিক নির্যাতন চালিয়ে চাঁদনীকে হত্যা করে বলে তার বাবার মামলা করেছেন। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।
খোকসায় বাস চাপাই মাছ ব্যবসায়ী নিহত
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় বাস চাপায় আহত মাছ ব্যবসায়ী মারা গেছেন।
শুক্রবার সকালে মাছ ব্যবসায় সালাম মন্ডল (৪৫) শিমুলিয়া গ্রামের কাছে বাস চাপায় আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। পারে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে নেবার পথে আহত মাছ ব্যবসায়ী মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাড়ে ৮ টার দিকে শতরুপা পরিবহনের যাত্রী বাহী বাস ঢাকা মেট্রো – জ – ১৪- ০৮৯৬ এর চালক নিয়ন্ত্রন হারিয়ে বাইসাইকেল আরহী মাছ ব্যবসায়ীকে চাপা দেয়। পরে ঘাতক বাসটিকে থানা পুলিশ আটক করেছে। তবে চালক হেলাপার ও সূপাভাইজার আত্ম গোপন করেছে।
খোকসা থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী নিশ্চিত করেন বাস চাপায় আহত মাছ ব্যবসায়ী মারা গেছেন। ঘাতক বাস টি উদ্ধার করে খোকসা থানার হেফাজতে আনা হয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ মামলা করতে আসেনি বলেও তিনি জানান। তবে নিহত মাছ ব্যবসায়ী মির্জাপুর গ্রামের আবুল কালাম মন্ডলের ছেলে মোঃ সালাম মন্ডল (৪৫)।













