শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 13

ভেড়ামারায় পুকুর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁদগ্রাম এলাকার একটি মাঠের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদগ্রাম এলাকার একটি পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা ওই নারীর বয়স ৫০ থেকে ৬০ বছর এবং উচ্চতা প্রায় পাঁচ ফুট। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।

স্থানীয় এনামুল হক বলেন, পুকুরে অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। মৃত্যুর আগে ওই নারীকে এলাকায় কখনো দেখা যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, পুকুর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশের টিম কাজ করছে।

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ত্রিমোহনী বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।

কৃষি বিভাগ জানায়, ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। দোকানে থাকা সার পরীক্ষা করে মানহীনতা ও প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ২৫ বস্তা ভেজাল সার ধ্বংস করা হয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সারের সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও নকল সার বিক্রি করছেন। এসব সার ব্যবহারে ফসলের ক্ষতির পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, নকল ও ভেজাল সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, উপজেলা কৃষি অফিসার আমাকে ফোন করে জানায়, ত্রিমোহনীর এক সার ডিলার ভেজাল সার বিক্রি করছেন। তিনি আরেক জায়গা থেকে বিক্রি সার এনে বিক্রি করতেন, সেখানে ২৫ বস্তা ভেজাল সার মিশ্রিত বস্তা পাওয়া যায়। সেখানে আমি অভিযান চালায় এবং ঘটনার সত্যতা প্রমাণিত হয়। ওই ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

ঝিনাইদহের শিশু সাবা হত্যা মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের পৌর এলাকার পবহাটি গ্রামের চাঞ্চল্যকর শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালত এই রায় ঘোষনা করেন। রায়ে আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলায় মোট ২৭ জন স্বাক্ষীর জবান বন্দি (স্বাক্ষ্য) আদালত গ্রহন করেছিলেন। মামলার আসামি পবহাটির গ্রামের মাসুদের দ্বিতীয় স্ত্রী শান্তনা।

এ খবর নিশ্চিত করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাডভোকেট আকিদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩ ডিসেম্বর রাতে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের ভ্যান চালক সাইদুল ইসলামের তিন বছর ৬ মাস বয়সের শিশু কন্যা সাইমা আক্তার সাবাকে নির্মম ভাবে হত্যা করা হয়। প্রতিবেশী অপর ভ্যান চালক মাসুদের দ্বিতীয় স্ত্রী শান্তনা খাতুন ওই শিশুটির মাথায় আঘাত করে হত্যা করে খাটের নিচেই লুকিয়ে রাখে। রাত অনুমান ৯টার দিকে মরদেহ কাপড়ে মুড়িয়ে অতি গোপনে ঘর থেকে বের হয়। সে সময় রাস্তায় লোক চলাচল দেখে ঘরে ফিরে যায় সে (শান্তনা)। খবর ছড়িয়ে পড়লে ওই দিন ( ৩ ডিসেম্বর) রাত অনুমান ১০টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী শান্তনার বাড়ি ঘর ঘিরে ফেলে। পরিস্থিতি সামলাতে সেনা বাহিনী ও পুলিশ সেখানে উপস্থিত হয়। খাটের নীচ থেকে শিশু সাবার মরদেহ উদ্ধার করেন তারা। রাতেই পুলিশ অভিযুক্ত শান্তনাকে আটক করে। আদালতের ১৬৪ ধারা মতে শান্তনা খাতুন স্বীকারোক্তিমুলক জবান বন্দি প্রদান করেন।

খোকসা থানার ওসি ক্লোজ

0

স্টাফ রিপোর্টার

সন্ত্রাসী কানেকশন, ঘুষ বানিজ্য ও আইন শৃঙ্খলার ধরাবাহিক অবনতি অভিযোগে গভীর রাতে বেতার বার্তায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেনকে ক্লোজ করে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।

থানা পুলিশের একজন এসআই (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, রাত ২টার পরে কুষ্টিয়া পুলিশ সুপারের দপ্তরের এক বেতার বার্তায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেনকে ক্লোজ করার আদেশ দেওয়া হয়। ইতোমধ্যে তিনি কুষ্টিয়া পুলিশ সুপারের অফিস হয়ে নতুন কর্মস্থল খুলনা রেঞ্জ অফিসের উদ্যেশ্যে যাত্র করেছেন।

সূত্রটি আরও জানায়, বিদায়ী ওসির বিরুদ্ধে টাকার বিনিময়ে কমলাপুরের অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া, জোড়া খুনের আসামীদের কাছ থেকে মোটা অংকের অর্থ বানিজ্য ও একাধিক ডাকাতির ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগের তদন্ত হতে পারে।

স্থানীয়দের অভিযোগ, মোল্লা জাকির হোসেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে এলাকার এটি সন্ত্রাসী বাহিনী প্রধানের সাথে সখ্যতা গোড়ে তোলেন। ওই সন্ত্রাসীর কাছ থেকে নিয়োমিত মাসোহারার নেওয়া অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া শিমুলিয়া ইউনিয়নের কালীশংকরপুররে প্রবাসী তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, একতারপুর বাজারের তিনটি স্বর্ণের দোকান ও কারখানা সহ ৫ দোকানে ডাকাতি, ওসমানপুর ইউনিয়নের দেবিনগর গ্রামে মাদক ও সন্ত্রাস কেন্দ্র করে এক বাড়িতে জোড়া খুনের ঘটনা, থানা থেকে ৫০ গজ দূরে নিজের বাড়ির সামনে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজুর উপর সন্ত্রাসী হামলা, পানিউন্নয়ন বোর্ডের ঠিকাদের জিও ব্যাগের নৌকা ও শ্রমিকদের জিম্মি করা সন্ত্রাসীদের আটক না করাসহ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতি দলের নেতাদের কাছ থেকে মাসহারা নিয়ে তাদের নিরাপদে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। তার সময় বিভিন্ন গ্রামে সন্ত্রাসী হামলা ও চুড়ি ডাকাতি ঘটনা বৃদ্ধি পায়।

সন্ত্রাসী হামলায় আহত ঢাকায় চিকিৎসাধিন বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজু বলেন, এলাকার চিহ্ণিত সন্ত্রাসীদের সাথে ওসি মোল্লা জাকিরের যোগসাযোসের অভিযোগ নিভুল। ওসি মোল্লা জাকির একাধিক গ্রাম পুলিশের মাধ্যমে উপজেলার বিভিন্ন মাদকের স্পট ও সন্ত্রাসীদের কাছ থেকে মাসাহারা নিয়ে আসছিলো।

তিনি আরও অভিযোগ করেন, ওসি মোল্লা জাকিরের সন্ত্রাসী কানেকশন থাকায় তার উপর হামলা ঘটনাটি ধামা চাপা দিয়েন। জেলা পুলিশের বিশেষ টিম তার উপর হামলাকারী এক সন্ত্রাসীকে আটক করে। কিন্তুু অদৃশ্য কারনে আটক সন্ত্রাসীতে রিমান্ড নেওয়া হয়নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, সাবেক ওসি মোল্লা জাকির হোসেনকে খুলনা রেঞ্জ অফিসে যোগ দানের নিদের্শ দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে খুলনার উদ্দেশ্যে খোকসা ত্যাগ করেছেন।

তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না – জ্বালানি প্রতিমন্ত্রী

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে দাম বাড়ানোর কারণে জনগণের যে কষ্ট হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে অব্যাহতভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাচ্ছে। এই সংকট প্রতিদিন নতুন মাত্রায় আমাদের সামনে আবির্ভূত হচ্ছে। এর ফলে বিমার প্রিমিয়াম ও জাহাজ ভাড়া বাড়ছে। এ অবস্থায় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পক্ষে এ মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বারবারই বলেছিলাম যে উপায়হীন না হলে এই অজনপ্রিয় সিদ্ধান্তটি সরকার নিতে চাইবে না কিংবা নেবে না।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এরকম একটি সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। জনগণের জীবনমানের কষ্ট লাঘবের অভিপ্রায়ে রাজনীতিতে এসেছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের যে কষ্ট হবে, এটি আমি উপলব্ধি করি। সেই কারণে জনগণের কাছে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, সরকার উপায়হীন না হলে এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চাইতো না। তবে চলমান সংকট দ্রুত কেটে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম আবারও সমন্বয় করে আগের পর্যায়ে বা তার চেয়েও কমিয়ে আনার চেষ্টা করা হবে।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিন ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। এতে গাজী নজরুল ও মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগ নেতকর্মীদের ধাক্কাধাক্কি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এসময় অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ডাইভার্সিটি প্লাজায় রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ানো বিএনপির কর্মীদের সরিয়ে দেয় নিউ ইয়র্ক পুলিশ।

রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ ঘটনা ঘটে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা এদিন ডাইভার্সিটি প্লাজায় সমবেত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দলের চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একইসময়ে কাছাকাছি দূরত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দিতেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও গালিগালাজ শুরু হয়। এরমধ্যে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টানানো কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেন আওয়ামী লীগের কর্মীরা। এ উত্তেজনার মধ্যে পুলিশ এসে উভয়পক্ষকে সরিয়ে দিয়ে মাঝখানে অবস্থান নেন।

বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন জানিয়েছেন, সোমবার জেএফকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির শতশত নেতাকর্মী।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমনকে (৬০) নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানা-পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলায় শরিফুদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হয়েছে।

শরিফুদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজাউদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবির পৃথক অভিযানে ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্য উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চৌকস টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ২০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪৩,০৮,০০০/- (তেতাল্লিশ লক্ষ আট হাজার) টাকা।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর বাজার সংলগ্ন পাকা রাস্তায় বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০ পিস স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এর মধ্যে ২০০ পিস CROWN ULTRA LCD DISPLAY ৫০০+ এবং ৪০০ পিস CROWN SMART LCD DISPLAY ৫০০+ রয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লক্ষ টাকা।

অপরদিকে আগের দিন রবিবার রাত ৮ টা ২০ মিনিটের সময় কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফুজি পাড়া মাঠে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ৮ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে দেওয়া এক সাংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবির ‘‘জিরো টলারেন্স নীতি’’ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মিরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকরাম হোসেন (৪৫) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাতমাইলুচেয়ারম্যান রোডের মধ্যবর্তী স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আকরাম হোসেন। পথিমধ্যে সাতমাইলুচেয়ারম্যান রোডের মধ্যবর্তী স্থানে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারাত্মক আহত হন।

পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...