রবিবার, নভেম্বর ২৯, ২০২৬.
Home Blog Page 32

কবরস্থানের চাঁদা বাঁকী থাকায় বাবা মা’র পাশে নাসির উদ্দিনের কবর হলোনা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে কবরস্থানের চাঁদা বাকি থাকায় বাবা মার পাশে ছেলের দাফন করতে না দেওয়ার অভিযোগ উঠেছে কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে।

মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর এলাকায় চঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, আজমপুর পুরাতন পাড়া কবর স্থানের চাঁদা না দেওয়ার কারণে প্রথমে তাদের কাছে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা দাবি করা হয়। পরে টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত মৃত ব্যক্তির দাফনের অনুমতি মেলেনি। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতা আতিয়ার হাজীর বিরুদ্ধে গোরস্থান কর্তৃপক্ষকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। তবে তিনি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ভোর ৫টার দিকে মো: নাসির উদ্দিন মারা যান। তার কোনো ছেলে সন্তান নেই, তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তারা তড়িঘড়ি করে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন। পথেই তাদের কাছে খবর আসে, যে কবর স্থানে তাদের দাদা ও পূর্বপুরুষদের কবর রয়েছে, সেখানে নাসির উদ্দিনকে দাফন করতে দেওয়া হচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাদের বলা হয়, নাসির উদ্দিন দীর্ঘদিন কবর স্থানের মাসিক বা বাৎসরিক চাঁদা পরিশোধ করেননি। তাই এককালীন ৩৫ থেকে ৪৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। মৃত ওই ব্যক্তির পরিবার তাৎক্ষণিকভাবে হাতে যত টাকা আছে তা দিয়ে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করার কথা বলেন। এমনকি ২ থেকে ৩ কিস্তিতে বকেয়া চাঁদার টাকা পরিশোধ করে দেওয়ার প্রস্তাবও দেন। কিন্তু তাতেও রাজি হননি গোরস্থান কমিটির সভাপতি আবুল মাস্টার।

মৃতের বড় মেয়ে মোছা.নাসিমা খাতুন বলেন, আমরা তিন বোন ঢাকায় থাকি। বাবার মৃত্যুর খবর শুনে দ্রæত বাড়ির উদ্দেশে রওনা হই। পথে চাচাতো ভাই ফোন করে জানায়, যেখানে আমাদের দাদা ও পূর্বপুরুষদের কবর রয়েছে সেখানে বাবাকে দাফন করতে দেওয়া হচ্ছে না। প্রথমে বলা হয় ৩৫ থেকে ৪৫ হাজার টাকা লাগবে। আমরা টাকা দিতে রাজি ছিলাম, প্রয়োজনে কিস্তিতেও দিতে চেয়েছিলাম। কিন্তু পরে বলা হয়, টাকা দিলেও বাবাকে সেখানে দাফন করা হবে না। একজন মৃত মানুষকে এভাবে ফিরিয়ে দেওয়া খুব কষ্টের।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা জানান, নাসির উদ্দিনের বাবা মৃত আহমদ আলী ওই গোরস্থানের সদস্য ছিলেন এবং তাকে সেখানেই দাফন করা হয়েছিল। তাই নাসির উদ্দিনের পরিবারও স্বাভাবিকভাবেই একই গোরস্থানে দাফনের আশা করেছিলেন।
মৃতের বাড়ির সামনে থাকা মুদি দোকানি মো. সেলিম বলেন, নাসিরের বাবা ওই গোরস্থানের সদস্য ছিলেন। তার কবরও সেখানে আছে। নাসির মারা যাওয়ার পর তার বড় মেয়ে সভাপতি আবুল মাস্টারের সঙ্গে কথা বলেন। তারা বলেন, যত টাকা লাগে দেবেন, শুধু বাবাকে দাফন করতে দিতে হবে। কিন্তু তারপরও অনুমতি দেওয়া হয়নি। পরে স্থানীয় আশা মেম্বার তার নিজের পারিবারিক গোরস্থানে দাফনের ব্যবস্থা করেন।

সদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপির ওয়ার্ড সেক্রেটারি আশরাফুল হক আশা বলেন, নাসির উদ্দিনের বাবা নিয়মিত চাঁদা দিতেন। তার মৃত্যুর পর নাসির আর চাঁদা দেয়নি। কিন্তু মৃত্যুর পর তার পরিবার এককালীন টাকা দিতেও রাজি হয়েছিল। শুনেছি তখন প্রায় ৪৫ হাজার টাকা দাবি করা হয়। পরে বলা হয়, টাকা লাগবে না, তবুও তাকে দাফন করা হবে না। তখন মানবিক দায়িত্ব থেকে আমি আমার পারিবারিক গোরস্থানে দাফনের ব্যবস্থা করি।

তিনি আরও বলেন, কবর অর্ধেক খনন হওয়ার পর এলাকার কয়েকজন জামায়াতের নেতা কর্মী এসে বলেন, এতে তাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং মরদেহ অন্য গোরস্থানে নেওয়া হোক। কিন্তু পরিবারের সদস্যরা বলেন, যেখানে কবর খোঁড়া হয়েছে সেখানেই দাফন করা হবে। মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা কবরস্থান। এটি নিয়ে বিভেদ সৃষ্টি হওয়া দুঃখজনক।

ঘটনার পর এলাকায় গুঞ্জন ছড়ায়, স্থানীয় জামায়াত নেতা আতিয়ার হাজীর ইন্ধনেই গোরস্থান কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেয়। কারণ হিসেবে কেউ কেউ বলেন, নাসির উদ্দিনের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভালো সম্পর্ক ছিল। যদিও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না।

আতিয়ার হাজী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নাসির উদ্দিন আমার চাচাতো ভাই। তাকে ওই গোরস্থানে দাফন করতে না দেওয়ার কথা শুনে আমি বরং সেখানে দাফনের চেষ্টা করেছি। আমি গোরস্থান কমিটির কেউ না। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বরং আমি বহুবার গোরস্থান কর্তৃপক্ষের এমন নীতির সমালোচনা করেছি।

অন্যদিকে গোরস্থান কমিটির সভাপতি আবুল মাস্টার বলেন, আমাদের গোরস্থানে প্রায় ১৪০ জন সদস্য রয়েছে। কেবল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের এখানে দাফন করা হয়। নাসির উদ্দিন সদস্য ছিলেন না। তাই তাকে দাফনের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। ৩৫-৪৫ হাজার টাকা দাবি করার অভিযোগ সঠিক নয়।

তিনি আরও বলেন, সদস্যরা কেউ ৫০০ টাকা, কেউ ১ হাজার টাকা, আবার কেউ ধান দিয়ে চাঁদা পরিশোধ করেন। গোরস্থানের জায়গা সীমিত। সবাইকে দাফন করতে দিলে দ্রæত জায়গা ফুরিয়ে যাবে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি সাধারণ গোরস্থানে দাফনের জন্য চাঁদা বাধ্যতামূলক করা কতটা যুক্তিসংগত এবং একজন মৃত ব্যক্তিকে পূর্বপুরুষদের পাশে দাফনের সুযোগ থেকে বঞ্চিত করা কতটা সামঞ্জস্যপূর্ণ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, সাধারণত জনসাধারণের ব্যবহৃত গোরস্থানে এ ধরনের নিয়ম থাকে না। তবে যদি এটি সম্পূর্ণ পারিবারিক গোরস্থান হয়, তাহলে আলাদা বিষয়। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর সীমান্তজুড়ে সক্রিয় একাধিক মাদক সিন্ডিকেট

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ভারত সীমান্ত ঘেঁষা পথে অবৈধভাবে মাদক প্রবেশের পাশাপাশি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে তা উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের মতে, এখন আর মাদকসেবীদের নির্দিষ্ট স্থানে যেতে হয় না; একটি ফোন কলেই ‘হোম ডেলিভারি’ পদ্ধতিতে চাহিদা অনুযায়ী মাদক হাতে হাতে পৌঁছে যাচ্ছে।

পুলিশের একটি গোয়েন্দা সূত্রের দাবি, এই অবৈধ বাণিজ্যের সঙ্গে সমাজের প্রভাবশালী ও অসাধু কিছু ব্যক্তি জড়িত। এদের মধ্যে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতিগ্রস্ত কিছু সদস্য, নামধারী সাংবাদিক এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগানো ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে।

বিজিবি ও পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, চিলমারী ইউনিয়নের বাংলাবাজার সীমান্ত এবং উদয়নগর বিওপি-সংলগ্ন পদ্মা নদীর তীব্র ভাঙনে সীমান্তের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর গতিপথ পরিবর্তনের কারণে সীমান্তের একটি অংশ ভারতের অভ্যন্তরে চলে যাওয়ায় কয়েকটি এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে উদয়নগর সীমান্তকে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারিরা।

এ ছাড়া আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ ও পশ্চিম ধর্মদহ, প্রাগপুর ইউনিয়নের জামালপুর ও বিলগাতুয়া, রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া ও ভাগযোতসহ পদ্মা নদীর বিভিন্ন নৌপথ ব্যবহার করেও দেশে মাদক প্রবেশ করছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর।

একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, দৌলতপুরে প্রতি মাসে প্রায় পাঁচ কোটি টাকার মাদকের লেনদেন হয়ে থাকে।

সংশ্লিষ্টদের ভাষ্য, বর্তমানে মাদক কারবারিদের প্রধান লক্ষ্য ১৭ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ও যুবকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক কারবারির দাবি, ইয়াবা, ট্যাপেন্টাডল ও বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেটের চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি। আকারে ছোট হওয়ায় এসব মাদক সহজে বহন করা যায় এবং প্রশাসনের নজর এড়াতে সরাসরি বেচাকেনার পরিবর্তে ফোনের মাধ্যমে ‘হোম ডেলিভারি’ সিস্টেমে কেনা বেচা করা হচ্ছে।

বিজিবির দাবি, ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে ৫৫ পয়সায় সংগ্রহ করা এসব নেশাজাতীয় ট্যাবলেট দেশে এনে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় বহিরাগত মোটরসাইকেল আরোহী ও অপরিচিত মানুষের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বিকাল ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমান্ত এলাকায় তরুণদের মাদকসেবনের প্রবণতা বাড়ে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করছে।

সীমান্তে বিজিবি ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও মাদকের প্রবেশ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়ে উঠছে না।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন অভিযানে প্রায় ১৭ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২ হাজার ২৭৯ বোতল বিদেশি মদ, ৯ লিটার দেশি মদ, ৩ হাজার ২৯৫ বোতল ফেনসিডিল, ১৬১ দশমিক ৩৭৫ কেজি গাঁজা, ২৫ হাজার ৭২টি ইয়াবা, ২ দশমিক ৩৮৫ কেজি হেরোইন, ১২ বোতল এলএসডি, ১ কেজি আফিম, ২৫০ গ্রাম কোকেন, ১ লাখ ১৬ হাজার ৩৬৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৬ হাজার ১৭৯টি সিলডেনাফিল ট্যাবলেট, ৪৬ হাজার ৫০৩টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫১ হাজার ৭৮০টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট।

দৌলতপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে ১০৬টি মাদক মামলা দায়ের হয়েছে এবং ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাদকের সহজলভ্যতার কারণে উপজেলা জুড়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।

এদিকে গত ১৯ জুলাই আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা এলাকা থেকে উদ্ধার হওয়া ৪০০ বোতল ফেনসিডিল আত্মসাতের অভিযোগ ওঠে তেকালা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনের বিরুদ্ধে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদকের এই অবাধ বিস্তারে স্থানীয় জনপ্রতিনিধিরা চরম উদ্বিগ্ন। প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, “আগের তুলনায় মাদকের বিস্তার অনেক গুণ বেড়েছে। এখন প্রকাশ্যেই কেনাবেচা হচ্ছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে তরুণ সমাজ।”

দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম বলেন, “মাদকের সঙ্গে কারা জড়িত, তা অনেকেই জানেন। এখন প্রয়োজন কঠোর ও কার্যকর ব্যবস্থা।”

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, “মাদকাসক্তরা আত্মনিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। পাশাপাশি তারা শারীরিক ও মানসিক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যা সমাজের জন্য বড় হুমকি।”

এদিকে মাদক প্রতিরোধে একক বাহিনীর চেয়ে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান স্বীকার করেন যে মাদকের বিস্তার আগের তুলনায় বেড়েছে। তিনি বলেন, “এটি রোধে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “সীমান্ত এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার তুলনামূলক বেশি। মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দ্রæত আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্তে মাদক প্রতিরোধে বিজিবি টহল ও জনবল বৃদ্ধি করা হয়েছে। প্রতিনিয়ত মাদক উদ্ধার হচ্ছে। তবে দেশের অভ্যন্তরে থাকা মাদক উদ্ধারে পুলিশের সহযোগিতা প্রয়োজন। যৌথ অভিযানের মাধ্যমেই মাদকের বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

কুমারখালীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ (৩৮) নামের এক আদম ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ‘হাবিবুল্লাহ স্টিল ফার্নিচার’ নামের ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাবিবুল্লাহ উপজেলার পান্টি গ্রামের হামিদ মুসল্লির ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। পরবর্তীতে দেশে ফিরে স্টিল ফার্নিচার ব্যবসার সাথে সাথে আদম ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। আদম ব্যবসাকে (বিদেশে জনবল পাঠানোর ব্যবসা) কেন্দ্র করে তার বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলাও বিচারাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৭ জুলাই) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ থাকলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি সচল ছিল। নিহতের স্ত্রী ও একমাত্র সন্তান বেশ কিছুদিন ধরে ঝিনাইদহে বাবার বাড়িতে অবস্থান করছেন।

ঘটনার দিন সকালে দোকান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসার বিলজানিতে আবার চুরির ঘটনা ঘটেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি রায়পাড়ায় ঘরের বেড়া কেটে স্বর্ণালংকার মোবাইল ফোন ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এক কিলোমিটারের ব্যবধানে তিন বাড়িতে তিনটি ডাকাতি ও চুরির ঘটনো ঘটলো। তবে পুলিশের খাতায় একটিও রেকর্ড হয়নি।

সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার রাতে উপজেলার কালিশংকরপুরে প্রবাসীদের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ মামলা নেয়নি। ভুক্তভোগীরা জানায় ইতোমধ্যেই ডাকাতদলের প্রধানসহ একাধিক সদস্যদের বাড়ি পর্যন্ত পুলিশকে চিনিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ তাদেরে আটকতো দূরের কথা মামলা রেকর্ড করেনি।

ভুক্তভোগী লক্ষণ রায় জানান, তার মেয়ে ও জামাতা আগের দিন বেড়াতে এসেছিলেন। রাতে বৃষ্টি শুরু হওয়ায় তারা (মেয়ে -জামায়) আর বাড়ি ফিরতে পারেননি। রাতে এখানে থেকে যান। পরিবারের সবাই রাতের খাবার পর নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

তিনি আরও জানান, চোরেরা তাদের ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নগদ ১০ হাজার টাকা, তার মেয়ের কানে পরা একটি স্বর্ণের দুল ও এক জোড়া রুপার তোরা নিয়ে যায়। এছাড়া পূজার কাজে ব্যবহৃত কিছু সামগ্রীও চুরি করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

প্রতিবেশী প্রমিলা রায় বলেন, “চিৎকার শুনে এসে দেখি সবাই কান্নাকাটি করছে। পরে জানতে পারি নগদ টাকা, কানের স্বর্ণের দুল, পায়ের রুপার অলংকার এবং পূজার কিছু জিনিসপত্র চুরি হয়েছে।”

ভুক্তভোগী পরিবারের দাবি, নগদ টাকা, স্বর্ণ ও রুপার অলংকারসহ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত এমন খবর পাইনি অভিযোগ পেলে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে ঘুরতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে ঘুরতে গিয়ে শরিফুল ইসলাম ববি (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোলাপনগর মনি পার্ক এলাকা থেকে এক কিলোমিটার দুরে পদ্মায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শরিফুল ইসলাম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে।

ঘটনার সময় তিনি মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনির সঙ্গে ছিলেন। রাতেই গুলিবিদ্ধ ওই যুবককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও সেখান তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর পদ্মা তীরবর্তী এলাকায় অবস্থিত মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে পদ্মা নদীতে যান।

এ সময় পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ে ছোড়া হয়। এতে এক যুবক গুলিবিদ্ধ হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালের ভর্তি রেজিস্টারে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম পাওয়া গেলেও পরে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারে ইনজুরির কারণ লেখা আছে গানশ্যুট।

শুক্রবার সন্ধ্যা ৭টায় গুলিবিদ্ধ যুবকের স্ত্রী বনি মুঠোফোনে বলেন, ওর (ববি) অবস্থা খুবই খারাপ। আমরা ঢাকায় যাচ্ছি। প্রায় পৌছে গেছি। এখন ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। সুস্থ হলে বলতে পারবো।

এদিকে গভীর রাতে দলবল নিয়ে পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র দাবি করেছে, পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি সশস্ত্র গ্রæপ সক্রিয় রয়েছে। চর দখল ও বালুঘাট নিয়ন্ত্রণ নিয়ে অতীতে এসব গ্রæপের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছেন।

একই সূত্র আরও দাবি করেছে, নদীকেন্দ্রিক বিভিন্ন গ্রæপের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। মনিরুল ইসলাম মনির সঙ্গে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ বিষয়ে জানতে মনিরুল ইসলাম মনির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

মনি গ্রæপের ডিএম জুয়েলের সঙ্গে যোগাযোগ করলে তিনি ছুটিতে আছেন জানিয়ে ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান। এছাড়া মনি পার্কের ম্যানেজার হুমায়নও কল রিসিভ করেননি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। ঘটনার যেটুকু বিস্তারিত তথ্য পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া গেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে।

খোকসায় প্রবাসীদের বাড়িতে ডাকাতির পর ক্ষুদ্র ব্যবসায়ীর গোডাউনে লুট

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার এক ক্ষুদ্র ব্যবসায়ীর গোডাউনে বেড়া কেটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার প্লাস্টিকের পণ্য লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাতে শিমুলিয়া ইউনিয়ন শিমুলিয়া শেখপাড়া গ্রামে ক্ষুদ্র ব্যবসায়ী হারুন শেখের বাড়ি সংলগ্ন গোডাউনে এ লুটের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী একই গ্রামের বিরু শেখের ছেলে। ছেলের গোডাউনে লুটের পর আহজারি করতে করতে মা রেহানা খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

গত সোমবার (২৭ জুলাই) রাতে একই ইউনিয়নের কালিশংকর পুর গ্রামে তিনভাই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনা স্থল থেকে এক কিলোমিটারের মধ্যে মঙ্গলবার দিনগত রাতে ক্ষুদ্র ব্যবসায়ীর প্লাষ্টিক পণ্যের গোডাউনের মালামাল লুটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী নাছিমা খাতুন জানান, তার স্বামী “মেটাডোর” নামের একটি কোম্পানির খাতা কলম ও প্লাস্টি পণ্যের সাব এজেন্ট। গত মঙ্গলবার কোম্পানি থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার বিভিন্ন পণ্য ডেলিভারী নিয়ে নিজ বাড়ির সাথে গো ডাউনে রাখেন। বুধবার সকালে মালামাল (পণ্য) ডেলিভারী দেওয়ার সময় দেখতে পায় রাতের আঁধারে দুর্বৃত্তরা তার গোডাউনের বেড়া কেটে প্রায় সব মালামাল লুট করে নিয়ে গেছে। পরে থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, তার স্বামী হারুনের নিজস্ব পূজি না থাকায় প্রায় পাঁচটি সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা করে পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করছিলেন। এখন সে পূজি হারা হয়ে গেছে। সমিতির ঋণের কিস্তির টাকা পরিশোধ করবেন কী দিয়ে? আর সাতজনের পরিবারকে ভরণ পোষন দেবেন কি করে? ছেলে ব্যবসায়ীক ক্ষতি দেখে ইতোমধ্যে তার স্বাশুরী রেহানা খাতুন অসুস্থ হয়ে পরেছেন। শ্বাশুরীর চিকিৎসা করাবেন কি দিয়ে?

ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী হারুন শেখ অভিযোগ নিয়ে থানায় যাওয়ায় তার সাথে কথা বলা যায়নি।

খোকসা থানা পুলিশের এসআই রাজু’র সাথে ঘটনা স্থলে দেখা হয়ে যায়। তিনি ওই ব্যবসায়ীর মালামাল লুটের বিষয় নিশ্চিত করে বলেন, পাটকাঠির বেড়া কেটে কিছু প্লাষ্টিকের পণ্য চোরে নিয়ে গেছে। কিন্তু চোররা এসব মালামাল বিক্রি করবেন কোথায়?

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে মাদক ও মালামাল উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের মাদক ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জহুরুল হক (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটক জহুরুল হক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার আদম আলী বিশ্বাসের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বহলবাড়িয়া এলাকায় রূপপুর থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজি চালক জহুরুল হকের কাছ থেকে ৬৯ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি সিএনজি ও নগদ ৭৮০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মোট মূল্য প্রায় ৭ লাখ ২১ হাজার ৪৮০ টাকা।

পরে আটক জহুরুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার (২৮ জুলাই ) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির টহল দল রংমহল মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

সোমবার দলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের জেলা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিকাল ৩টা এবং কুমারখালী উপজেলায় সন্ধ্যা ৬টায় পদযাত্রার সময় পূর্বনির্ধারিত ছিল।

বিবৃতিতে বলা হয়েছে “এনসিপির দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রার শিডিউলে পরিবর্তন (উত্তরাঞ্চলে চলমান)। অনিবার্য কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের অধীন কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও কুমারখালী এই দুটি উপজেলায় মঙ্গলবার(২৮ জুলাই) জুলাই পদযাত্রা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

পরদিন বুধবার (২৯ জুলাই) যথারীতি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শহরে বিকাল ৩টায় এবং মানিকগঞ্জ সদরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।”

উল্লেখ্য, উত্তরাঞ্চলে আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা শহরে সকাল ১১টায় এবং হবিগঞ্জ সদরে বিকেল ৫টায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ বলেন, অনিবার্য কারণে কেন্দ্রিয় সিদ্ধান্তে কুষ্টিয়ার দুই উপজেলায় আজকে অনুষ্ঠিত হতে যাওয়া পদযাত্রা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ট্রেন যাত্রী বাবা-ছেলেকে ছুরিকাঘাত পাল্টা-পাল্টি মামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল্লাহ আল মামুনকে একমাত্র আসামি করে পোড়াদহ রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহারে বাদি আব্দুর রহিম উল্লেখ করেন, গত শনিবার দুপুরে কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গা যাওয়ার জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় অতিরিক্ত ভিড়ের কারণে নির্ধারিত বগিতে উঠতে না পেরে অসুস্থ স্ত্রীকে পাশের কামরায় তুলতে যান। এ সময় টিটিই আব্দুল্লাহ আল মামুন তার স্ত্রীকে ধাক্কা দিলে প্রতিবাদকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মামুন স্টোররুম থেকে ধারালো ছুরি এনে তার ও তার ছেলে শফিউল আউয়াল সুমনের ওপর হামলা চালান। এতে তারা দুজন গুরুতর আহত হন।

ঘটনার পর ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস আটকে রেখে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ট্রেন অবরোধ, ভাঙচুর, মব সৃষ্টি এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার চক্রবর্তী। এতে আব্দুর রহিমের দুই ছেলে পলাশ ও শফিউল আউয়াল সুমনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন- চুয়াডাঙ্গার সবুজপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে পলাশ ও শফিউল আউয়াল সুমন এবং কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মামুন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের মামলার এজাহারে বলা হয়েছে, শোভন শ্রেণির টিকিট কেটে কয়েকজন যাত্রী এসি বগিতে ওঠার চেষ্টা করলে ট্রেনের গার্ড ও টিটিই বাধা দেন। এ সময় এক নারী পয়ে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে অভিযুক্তরা ট্রেনের চেইন টেনে ট্রেন থামিয়ে দেন, ইঞ্জিন বন্ধ করে অবরোধ সৃষ্টি করেন এবং ট্রেনে ভাঙচুর ও কর্তব্যরত কর্মীদের খুঁজতে থাকেন। তাদের নিবৃত করার চেষ্টা করলে আসামিরা ওসিসহ এসআই আব্দুল আলীম,স্বপন কুমার মন্ডল ও পুলিশ সদস্য শামীম হোসেনের শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি আঘাত করে। পরে পুলিশ লাইন ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তিনজন আসামীকে আটক করে থানায় নেয়।

তবে আব্দুর রহিম দাবি করেন, তার স্ত্রী লিভার সিরোসিসে আক্রান্ত ও শারীরিকভাবে দুর্বল। এ কারণে ভিড় দেখে নিকটবর্তী বগিতে ওঠার চেষ্টা করেছিলেন।

তিনি অভিযোগ করেন, পাল্টা মামলায় তার দুই ছেলেসহ পরিচিতজনদের আসামি করা হয়েছে এবং থানায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

পুলিশের মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ আল রশিদ জয় বলেন, আমার নবজাতক শিশু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আহত ব্যক্তিরা আমার নিকট আত্মীয় হওযায় দেখতে এসেছিলেন। তার দাবি, ওসিকে চিনতে না পেরে অনেকেই তার সাথে খারাপ আচরণ (মৌখিক) করে ফেলে। এখানে পুলিশকে শারীরিক ভাবে আঘাত করার কোনো ঘটনা ঘটেনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ট্রেন অবরোধ, ভাঙচুর, মব সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে ঘটনার বিষয়ে কথা বলতে টিকিট পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ছেলের টর্চ লাইনের আঘাতে পিতা খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতন্ডার একপর্যায়ে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়–ইকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বানেজ উদ্দিন ওই এলাকার চৌকিদার (গ্রামপুলিশ) হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত যুবকের নাম রাজীব (২৮)। তিনি নিহতের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানেজ উদ্দিন সম্প্রতি একটি মহিষ বিক্রি করেন। রবিবার রাতে বিক্রির সেই টাকা দাবি করেন ছেলে রাজীব। তবে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা ভারী একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে বানেজ উদ্দিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা বানেজ উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মহিষকুন্ডি এলাকায় তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপপ্রপ্ত কর্মকর্তা খালিদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ

কাঁদা মাটি সংগ্রহ

খালের গভীর দিয়ে ক্ষীণও ধারায় পানি নেমে যাচ্ছে গড়াই নদীতে। প্রায় ৩০ ফুট গভীর থেকে পলি মাটির কাঁদা সংগ্রহ করে বাড়ি বয়ে নিয়ে যাচ্ছে...

কারেন্ট পোকাড় আক্রমন

অগ্রহায়ণের অকাল বৃষ্টিতে পাকা ও আধাপাকা আমন ধান জমিতে পরে কাদা জালে লেপটে গেছে। সেই ধানে কারেন্ট পোকা আক্রমন করেছে। জমির পরে যাওয়া ধানের...

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...