কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনের এক স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল্লাহ আল মামুনকে একমাত্র আসামি করে পোড়াদহ রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহারে বাদি আব্দুর রহিম উল্লেখ করেন, গত শনিবার দুপুরে কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গা যাওয়ার জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় অতিরিক্ত ভিড়ের কারণে নির্ধারিত বগিতে উঠতে না পেরে অসুস্থ স্ত্রীকে পাশের কামরায় তুলতে যান। এ সময় টিটিই আব্দুল্লাহ আল মামুন তার স্ত্রীকে ধাক্কা দিলে প্রতিবাদকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মামুন স্টোররুম থেকে ধারালো ছুরি এনে তার ও তার ছেলে শফিউল আউয়াল সুমনের ওপর হামলা চালান। এতে তারা দুজন গুরুতর আহত হন।
ঘটনার পর ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস আটকে রেখে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ট্রেন অবরোধ, ভাঙচুর, মব সৃষ্টি এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার চক্রবর্তী। এতে আব্দুর রহিমের দুই ছেলে পলাশ ও শফিউল আউয়াল সুমনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন- চুয়াডাঙ্গার সবুজপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে পলাশ ও শফিউল আউয়াল সুমন এবং কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মামুন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের মামলার এজাহারে বলা হয়েছে, শোভন শ্রেণির টিকিট কেটে কয়েকজন যাত্রী এসি বগিতে ওঠার চেষ্টা করলে ট্রেনের গার্ড ও টিটিই বাধা দেন। এ সময় এক নারী পয়ে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে অভিযুক্তরা ট্রেনের চেইন টেনে ট্রেন থামিয়ে দেন, ইঞ্জিন বন্ধ করে অবরোধ সৃষ্টি করেন এবং ট্রেনে ভাঙচুর ও কর্তব্যরত কর্মীদের খুঁজতে থাকেন। তাদের নিবৃত করার চেষ্টা করলে আসামিরা ওসিসহ এসআই আব্দুল আলীম,স্বপন কুমার মন্ডল ও পুলিশ সদস্য শামীম হোসেনের শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি আঘাত করে। পরে পুলিশ লাইন ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তিনজন আসামীকে আটক করে থানায় নেয়।
তবে আব্দুর রহিম দাবি করেন, তার স্ত্রী লিভার সিরোসিসে আক্রান্ত ও শারীরিকভাবে দুর্বল। এ কারণে ভিড় দেখে নিকটবর্তী বগিতে ওঠার চেষ্টা করেছিলেন।
তিনি অভিযোগ করেন, পাল্টা মামলায় তার দুই ছেলেসহ পরিচিতজনদের আসামি করা হয়েছে এবং থানায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।
পুলিশের মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ আল রশিদ জয় বলেন, আমার নবজাতক শিশু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আহত ব্যক্তিরা আমার নিকট আত্মীয় হওযায় দেখতে এসেছিলেন। তার দাবি, ওসিকে চিনতে না পেরে অনেকেই তার সাথে খারাপ আচরণ (মৌখিক) করে ফেলে। এখানে পুলিশকে শারীরিক ভাবে আঘাত করার কোনো ঘটনা ঘটেনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ট্রেন অবরোধ, ভাঙচুর, মব সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তবে ঘটনার বিষয়ে কথা বলতে টিকিট পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।






