ছেলের টর্চ লাইনের আঘাতে পিতা খুন

0
22

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতন্ডার একপর্যায়ে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়–ইকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বানেজ উদ্দিন ওই এলাকার চৌকিদার (গ্রামপুলিশ) হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত যুবকের নাম রাজীব (২৮)। তিনি নিহতের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানেজ উদ্দিন সম্প্রতি একটি মহিষ বিক্রি করেন। রবিবার রাতে বিক্রির সেই টাকা দাবি করেন ছেলে রাজীব। তবে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজীব তার হাতে থাকা ভারী একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে বানেজ উদ্দিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা বানেজ উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মহিষকুন্ডি এলাকায় তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপপ্রপ্ত কর্মকর্তা খালিদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card