কুমারখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

0
214
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুক না পেয়ে সোনালী খাতুন (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বিরুদ্ধে।

শনিবার উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সুন্দাগ্রামে গৃহবধূ হত্যা কান্ডের ঘটনা ঘটে। স্ত্রী হত্যায় অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত সোনালী খাতুন উপজেলার চাপড়া ইউনিয়নের নগরসাওতা গ্রামের পূর্বপাড়ার আনিস উদ্দিনের মেয়ে।

সোনালীর স্বামী শফিকুল ইসলাম কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সুন্দাগ্রামের সিরাজ আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোনালীর দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সোনালী খাতুনকে মারধর করতেন স্বামী শফিকুল। সোনালীর বাবা একজন গরীব চাষি। অভাবের সংসার হলেও মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফায় জামায়ের হাতে টাকা তুলে দেন তিনি। সর্বশেষ যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার রাতে সোনালীকে নির্মম নির্যাতন করেন শফিকুল। শনিবার ভোরে স্থানীয়রা সোনালীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই উজ্জ্বল বলেন, যৌতুকের দাবিতে আমার বোন সোনালীকে বিয়ের পর থেকেই নির্মমভাবে নির্যাতন করতো শফিকুল। শুধু সোনালীর মুখের দিকে তাকিয়ে অভাবের পরও বহুবার যৌতুকের দাবি পূরণ করা হয়েছে। সর্বশেষ দাবি করা যৌতুক না পেয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে সোনালীকে হত্যা করা হয়েছে। তিনি শফিকুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, ভোরের দিকে হাসপাতালে আনার আগেই সোনালীর মৃত্যু হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামী শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

Share this news as a Photo Card