পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন প্রতিবাদে মেয়রের সংবাদ সম্মেলন

0
221

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার বিল বকেয়ার দায়ে গুরুত্ব পূর্ন ৫টি প্রধান প্রকল্পের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী। ফলে অচল হয়ে পরেছে পানি সরবরাহ ও সড়ক বাতি। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার মেয়র।

পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে শুক্রবার সকালে পৌরসভা মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেয়র সহিদুজ্জামান। এ সংবাদ সম্মেলনে পৌরসভার সচিব, কর্মকর্তা-কর্মচারী, পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র বলেন, কোটচাঁদপুর পৌরসভায় ২ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যা দায়িত্বভার গ্রহণের আগের বকেয়া। কিন্তু ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর আবাসিক প্রকৌশলী পৌরসভার সাথে কোন আলোচনা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌরবাসীরা। পৌরসভার যে আয় হয় তা দিয়ে মোট বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করা সম্ভব নয়। তাই প্রতিমাসে এক লাখ টাকা করে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান কোটচাঁদপুর পৌরসভা।

ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান চৌধুরী জানান, কোটচাঁদপুর পৌরসভার পানি ও সড়ক বাতির ১০টি বিদ্যুৎ সংযোগের মধ্যে ৫টি বিচ্ছিন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বকেয়া আদায়ের জন্য এই সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card