সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংকে মিললো মরদেহের খন্ডাংশ

0
148

দ্রোহ অনলাইন ডেস্ক

কলকাতার সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয় সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খন্ডাংশ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো আনারের মরদেহের খন্ডাংশ কি না সেটা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) বিকালে কলকাতা পুলিশ ভবনটির স্যুয়ারেজ লাইনের পাইপ ও সেপটিক ট্যাংকে মরদেহের খন্ডাংশের খোঁজে অভিযান চালায়।

ভারতে অবস্থানরত ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ডিবির দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক ভাঙা হয়। কলকাতার সিআইডিকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল সেপটিক ট্যাংক ভেঙে তল্লাশি চালানোর জন্য।

গোয়েন্দা দলের আরএক প্রতিনিধি ডিসি আ. আহাদ বলেন, আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদে ওই ফ্ল্যাটে বাথরুমে ফ্ল্যাশের কথা জানায়। এরপর ভারতে এসে আমরা ওই ফ্ল্যাটটি পরিদর্শন করি এবং ভারতীয় পুলিশকে পরামর্শ দেই বাথরুমের পাইপ ভেঙে ট্যাংকি দেখতে। শুনেছি কিছুক্ষণ আগে পাইপ থেকে কিছু মরদেহের খন্ডাংশ পাওয়া গেছে।

এর আগে কলকাতার গোয়েন্দা সূত্র জানায়, সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়, তার কমোড দিয়ে মরদেহের টুকরো ফ্ল্যাশ করে দেওয়া হতে পারে।

আলোচিত এই হত্যাকান্ডের তদন্ত করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছে ডিবিপ্রধানের নেতৃত্বে তিন সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ মে) দিনের শুরুতে নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মামলার গতিপ্রকৃতি নিয়ে কথা বলেন হারুন অর রশীদ।

Share this news as a Photo Card