কুষ্টিয়া প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে ৭৭ লাখ টাকার চেক বিতরণ করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
চেক বিতরণের আগে জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আসলে কোনো ক্ষতিপূরণ হয় না। তারপরও আমরা চেয়েছি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও ক্ষতিপূরণ হোক।
তিনি জানান, ক্ষতিগ্রস্তদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ১৭ জনকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদেরও আবেদনের আহবান জানান ডিসি।
নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ এবং আহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন – পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার
নিহত টিপু সুলতান, জামাল উদ্দিন, মনিরুজ্জামান, এস এম আবুল খায়ের, রাকিব আলী, কামরুল হাসান, জবেদা খাতুন, নুরুল ইসলাম, শিল্পী, খোরশেদ, এস এম শান্ত, তানিয়া খাতুন, আদিল আহমেদ, ইব্রাহিম ও ইসরাত জাহানের পরিবারকে ৫ লাখ করে এবং আহত আনোয়ারা খাতুন ও সংগ্রামের পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হয়।






