আ.লীগ নেতা ও তার পুত্র আটক
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আসামী ধরতে গিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইসরাফিল হোসেন (৪৮) নামে আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদ (৫০) ও তার ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহ-সভাপতি। এ ঘটনায় আহত পুলিশের এসআইকে কুষ্টিয় জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদকে গ্রেপ্তারের উদ্দেশ্যে শনিবার বেলা ১২টার দিকে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে হামলা করে।
হামলায় তিনি (পুলিশ সদস্য) আহত হন। পরে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বাবা-ছেলেকে আটক করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসাক হোসেন ইমাম জানান, আহত পুলিশ সদস্যের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুইটি চিহৃ ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন – মসজিদে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী
ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন জানান, আওয়ামী লীগ নেতা সন্দেহভাজন এক আসামীকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে। হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হবে।






