ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির ভিসি প্রফের ড. আব্দুল মজিদ বলেন “আঞ্চলিক ভাষা শুধু কথোপকথনের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও আবেগের অংশ।
শনিবার শিশু একাডেমী মিলনায়তনে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিহঙ্গ নাট্য গোষ্ঠির পরিচালক শাহিনুর আলম লিটন।
মানবাধিকার, সাংবাদিকতা, ক্রিড়া, ব্যবসা, ভাষা, শিল্প, কন্টেন্ট ক্রিয়েটর, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখার জন্য জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও গণমাধ্যম কর্মীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সংগঠনের সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু, চিত্র নায়ক নীরব হোসেন, খল নায়ক আশরাফুল হক ডন, নিন্দিত চিত্র পরিচালক হাসান জাহাঙ্গীর, কৌতুক অভিনেতা কাজল, ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম লিকু, নিপা জামান, গাউস গোর্কি, মাসুদ রানা, সুরভী রেজা, মোরশেদ আলম, মোহাম্মদ আলী, এনামুল হক ও ফিরোজা জামান আলো প্রমুখ।
প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফের ড. আব্দুল মজিদ আরও বলেন, আঞ্চলিক ভাষা শুধু একটি কথ্য মাধ্যম নয়, এটি একটি জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, অনুভূতি ও আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। এই ভাষা হারিয়ে গেলে, হারিয়ে যায় একটি প্রজন্মের স্মৃতি, তার শেকড় ও সত্তা। তাই আঞ্চলিক ভাষা রক্ষা করা মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা।
তিনি বলেন, আঞ্চলিক ভাষায় সাহিত্যচর্চা, কবিতা, গান, গল্প, নাটক ইত্যাদি রচনা ও পরিবেশন করে ভাষাটিকে জীবন্ত রাখতে হবে। এছাড়া আঞ্চলিক শব্দভান্ডার, প্রবাদ, গল্প, ইতিহাস ইত্যাদি ডিজিটাল আকারে সংরক্ষণ করে ওয়েবসাইট বা অ্যাপে ছড়িয়ে দিতে হবে।
আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ৩১টি স্বর্নের বার উদ্ধার
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জেলার বিশিষ্টজনদের ক্রেষ্ট প্রদান করা হয়।






