কুষ্টিযা প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মন্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০) ও ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথূয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)। এ ঘটনায় মকবুল হোসেন (৫৩) নামে আরও একজন আহত হয়ে চিকিৎসাধিন রয়েছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে মুমুর্ষ অবস্থায় তাকে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। এ সময় বজ্রপাত ঘটে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত মকবুল হোসেনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তুহিন বলেন, শনিবার দুপুরে বজ্রপাতে নিহত দুইজনকেই দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের কোন চিকিৎসা দেয়ার সুযোগ হয়নি। কারণ হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, শিতলাইপাড়া গ্রামের শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






