কুষ্টিয়া প্রতিনিধি
এক সপ্তাহ ধরে নিখোঁজ একটি বালুর ঘাটের হিসাবরক্ষক তালেবুর রহমান টুকু (৫২) এর সন্ধ্যান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই হিসাবক্ষকের ভাই।
রাববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিখোঁজের বড় ভাই জারমান আলীসহ স্বজনরা। সেখানে জানানো হয়, গত ১৫ সেপ্টেম্বর নিজ কর্মস্থল নাটোরের লালপুর বালির ঘাট থেকে ফেরার পথে নিখোঁজ হন তালেবুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিখোঁজ হিসাবরক্ষকের বড় ভাই জারমান বলেন, আমার ছোট ভাই তালেবুর মোল্লা ট্রেডার্সের ইজারা নেওয়া বালির ঘাটে হিসাব নিকাশ করতেন। ঘটনার দিন সেখান থেকে নৌকাযোগে রাত সাড়ে ৭ টার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাটে পৌঁছান। এ সময় তার স্ত্রী নাসিমা খাতুন ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,‘আমি কিছুক্ষণের মধ্যে সিএনজিতে বাসায় ফিরব।’ রাত ৭ টা ৫০ মিনিটে সর্বশেষ তার স্বামীর সাথে কথা হয়। তারপর থেকে নিখোঁজ তালেবুর রহমান। স্বজনদের অভিযোগ তালেবুর রহমান টুকু অপহরণের শিকার হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরদিন ১৬ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় একটি জিডি করি। যার জিডি নং ৮৪৭। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমার ভাইয়ের কোনো খবর জানাতে পারেনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা শুধু বলছে, তদন্ত চলছে। আসলে তারা কী তদন্ত করছে তা আমরা কিছুই বুঝতে পারছি না।
এ বিষয়টি তদন্ত করছেন ভেড়ামারা থানার এস আই নাজমুল হোসেন। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তদন্ত কাজ এগিয়ে চলছে। তবে এখনো পর্যন্ত আশানুরূপ ভালো কোনো ক্লু হাতে আসেনি।






