ঝিনাইদহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

0
13

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী জনসভায় আসার পথে হামলায় দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই স্বতন্ত্র প্রার্থী নিজে।

নির্বাচনী প্রতীক বরাদ্দের পর প্রচার শুরুর প্রথম দিন উপজেলার রামচন্দ্রপুর বাজারে প্রতিপক্ষের প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু ও ধনঞ্জয় গ্রামের শহিদুল ইসলাম। এদের মধ্যে আনোয়ার হোসেন কালুর দুই হাত ও বাম পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘বৃহস্পতিবার সরকারি ভূষণ স্কুল মাঠে প্রথম নির্বাচনি সভার আয়োজন করা হয়। সেখানে আসার পথে রামচন্দ্রপুর বাজার এলাকায় আমার সমর্থকদের ওপর বিএনপি মনোনীত প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে। এতে আমার দুই সমর্থক আহত হয়েছেন।’

এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ-সদর আংশিক) ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে কি-না জানা নেই। আমার কোনো কর্মী এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কি-না সেটিও নিশ্চিত নই। খোঁজ খবর নিয়ে পরে জানাবো।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।