কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার সুস্পষ্ট অভিযোগে রয়েছে।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক মো.জাকারিয়া আনসার মিলন এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদল কর্মী মো.হানিফ কবিরাজ।
জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত এই বহিষ্কার আদেশ প্রদান করা হয়।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত স্থানীয় ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়।
এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারনে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী মো. হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজা নগর কবুর হাট এলাকায় ৫ আগস্ট পরবর্তী সময় থেকে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে রয়েছে যুবদল কর্মী হানিফের বিরুদ্ধে।
সোমবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী হানিফের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।






