স্টাফ রিপোর্টার
“পুলিশ আমার বাবাকে খুজে দিলো না। অনেক দিন হলো রাতে বাবা আর বাড়ি ফেরে না। দয়া করে আপনারা আমার বাবাকে খুঁজে দিন না।” রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালক আজিমের শিশু পুত্র মাহিম তার বাবাকে ফিরে পাওয়ার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে দাঁড়িয়ে কাঁপাকাঁপা কন্ঠে এ ভাবেই মাইকে আকুতি করছিলো।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ডে নিখোঁজ ভ্যান চালক আজিম (৩৫) কে উদ্ধারের দাবিতে মানববন্ধন করে নিখোঁজের পরিবার ও গ্রামবাসী। সকাল ১০ টায় মানববন্ধন শুরু হয়। এতে কয়েকশ নারী পুরুষ অংশ গ্রহন করেন। পরে মানববন্ধনকারীরা বিক্ষোভ মিছিলসহ থানা ও উপজেলা পরিষদে গিয়ে কর্মকর্তাদের সাথে দেখা করার চেষ্টা করেন। কর্মকর্তারা না থাকায় বিক্ষোভকারীরা ফিরে যায়। মানববন্ধন চলাকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এক কিলোমিটার জুড়ে যাত্রী ও পন্যবাহী গাড়ির জাম সৃষ্টি হয়। যাত্রীরা ভোগান্তির শিকার হয়।

মানববন্ধন চলাকালে ভ্যান চালকের ৮ বছর বয়সের শিশু পুত্র মাহিম বাবাকে ফিরে পেতে তার আকুতি জানায়। শিশুটি দাবি করে, তার বাবাকে খুন করা হতে পারে। তারা অনেক বার পুলিশের কাছে গেছে কিন্তু পুলিশ তার বাবাকে খুজে দেয়নি। নিখোঁজ বাবাকে খুজে দেওয়ার জন্য উপস্থিত মানুষের কাছে আকুতি জানায়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখতে গিয়ে নিখোঁজ ভ্যান চালকের বোন মাজেদা খাতুন দাবি করেন, প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে তার ভাই আমিজকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। বিএনপির এক নেতার কারনে তারা পুলিশের কাছে গিয়ে বিচার পাচ্ছেন না। তারা তার ভাইকে জীবিত অথবা মৃত উদ্ধারের দাবি করেন।
নিখোঁজ ভ্যান চালকের ভগ্নিপতি ইকরামূল হক দাবি করেন, তার শ্যালক নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ মামলা নেয়নি। জিডিতি উল্লেখ করা আসামীরা বাড়ি ফিরে এসেছে। এর পেছনে একজন রাজনৈতিক নেতা কলকাঠি নাড়ছে বলে অভিযোগ করেন।
উল্লেখ্য, গত শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় খোকসা বাস স্ট্যান্ড এলাকায় নিজের পাখি ভ্যান মেরামতে দিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হন ভ্যান চালক আব্দুল আজিম। তিনি শিমুলিয়া ইউনিয়নের বিলজানি তাঁতী পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে। সে দুই সন্তানের পিতা। প্রতিপক্ষ আব্দুল মান্নানের সাথে তার চার শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সে নিখোঁজের কয়েকদিন আগে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্ততায় ইউনিয়ন পরিষদে শালিসী বৈঠক হয়। সে বৈঠকে ভ্যানচালক আজিমকে দখলী জমি থেকে ঘর ভেঙ্গে নেওয়ার রায় দেওয়া হয়। ইতোমধ্যে রহস্যজনক ভাবে ভ্যানচালক নিখোঁজ হন। এ ঘটনায় খোকসা থানায় একটি জিডি রেকর্ড করা হয়েছে।






