ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

0
8

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম-পরিচয় প্রকাশের জন্য সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে পরিচয় জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলামের পক্ষে সোমবার (১৩ এপ্রিল) আইনজীবী আব্দুল মজিদ নোটিশটি পাঠান।

এ বিষয়ে তিনি বলেন, লিগ্যাল নোটিশটি এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে নাম পরিচয় প্রকাশ অথবা আইনগত ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে। যদি তা না করেন, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে আলোচনায় বক্তব্যকালে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, কুষ্টিয়ার ডিসি আসতে কমপক্ষে এখন ৩০ থেকে ৫০ কোটি টাকা খরচ করে আসা লাগে। এর আগে ২০ কোটি পর্যন্ত শুনেছিলাম। একটি ডিসি-এসপিকে আসতে ৫০ লাখ টাকা দিয়ে তারপরে এই চেয়ারে বসা লাগে। এ সময় আমির হামজা বলেন, সদর থানার ওসিকে অন্তত ২০ লাখ টাকা উপরওয়ালাকে দিয়ে এখানে আসা লাগে।

পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই আলোচনায় আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকেও নাস্তিক ও ইসলাম বিদ্বেষী” বলেন।

বক্তব্য দেওয়ার ১৬ দিন পর সোমবার (১৩ এপ্রিল) মুফতি আমির হামজাকে ডিসি বদলী হয়ে আসার জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২০ থেকে ৩০ কোটি দিয়েছেন তাদের পরিচয় প্রকাশ করার জন্য এ নোটিশ পাঠানো হয়।

এতে বলা হয়েছে, ‘আমির হামজা গত ২৭ মার্চ হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুৎবার আগে উপস্থিত মুসল্লিদের সম্মুখে বক্তব্য প্রদান করেন যে, “কুষ্টিয়ার বর্তমান ডিসি সাহেব বদলী হয়ে কুষ্টিয়া আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন”।

নোটিশ প্রেরণকারী উল্লেখ করেছেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে ছবিসহ আপনার বক্তব্যের অংশ ফলাও করে প্রকাশিত হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

জানতে চাইলে যুবদল নেতা রবিউল ইসলাম বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

এ বিষয়ে হাটশ হরিপুর বড় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, এমপি সাহেব ওই দিন নিজে থেকেই জুম্মার নামাজে মসজিদে এসেছিলেন। তবে আলোচনার সময় বাইরে থাকায় তিনি কি বক্তৃতা দিয়েছেন আমি শুনতে পারি নাই।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি নোটিশটি পাঠিয়েছেন। ‘আমির হামজা মেডিকেল কলেজ চালু নিয়ে বললেন, তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছেন। অথচ তাঁকে কারা টাকার অফার করেছে, তাদের নাম বলছেন না। আবার কুষ্টিয়ায় ডিসি বদলী হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা দিতে হয় বক্তব্য দিয়েছেন। তিনি (আমির হামজা) জনসম্মুখে নাম প্রকাশ করুক।’ তথ্য গোপন করাটাও ক্রিমিনাল অফেনস।

তবে এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য মুফতি আমির হামজার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।