কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে পুলিশ কর্মকর্তাদের সামনেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে শামীমের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সবাই মিলে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বয়স হয়েছে। এসব নিয়ে দৌড়ঝাঁপ করার সামর্থ্য আমার নেই।
‘রবিবার বিকালে দাফনের পর রাতে পরিবারের সদস্যরা বসেছিলাম। সেখানে পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা মামলার জন্য বারবার বলেছেন৷ কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই পথে না হাঁটার।’ বলেন ফজলুর রহমান।
এর আগে রবিবার ১০টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, মামলার জন্য তার পরিবারের সদস্যরা আসবেন। আমরা অপেক্ষায় আছি।
এ বিষয়ে সকালে পুনরায় জানতে চাইলে ওসি আরিফুর রহমান বলেন, উনারা মামলা করবেন না, এমন কিছু শুনিনি। আজকে তাদের আসার কথা রয়েছে।
প্রসঙ্গত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় শনিবার (১১ এপ্রিল) দুপুরে ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে এক ‘পীরের’ আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসময় হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে ওই দরবারের প্রধান আব্দুর রহমান ওরফে শামিম ওরফে জাহাঙ্গীরকে (৬৫) হত্যা করে। হামলায় আরও তিন অনুসারী মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন।



