দ্রোহ অনলাইন ডেস্ক
হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি ও উপসর্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৪৯৪ শিশু।
শুক্রবার (৮ মে) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। আর বাঁকি ছয়জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫৮ শিশু। আর সন্দেহজনক হামে ২৮৫ শিশুর মৃত্যু হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১২ জন এবং গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৬ হাজার ৭১০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৮২ জন। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৪৯০ জন। এছাড়া ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ শিশু।






